ছিনতাইয়ের পর গিলে ফেলেন কানের দুল, বমি করিয়ে উদ্ধার করল পুলিশ

আটক ছিনতাইকারীকে বমি করিয়ে কানের দুল উদ্ধার করে পুলিশছবি: পুলিশের সৌজন্যে

চিকিৎসক দেখাতে রিকশায় যাচ্ছিলেন নিপা আক্তার। হঠাৎ তাঁর কানের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে দৌড় দেন ছিনতাইকারী। তাঁর চিৎকার শুনে ধাওয়া করে যুবকটিকে ধরে ফেলেন ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট। কিন্তু প্রথমে তাঁর কাছে ছিনিয়ে নেওয়া কানের দুল পাওয়া যায়নি। পরে জানা গেল, ধরা পড়ার আগেই দুলটি গিলে ফেলেছেন তিনি। এরপর বমি করিয়ে সেই দুল উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আটক ছিনতাইকারীর নাম মো. সেলিম (২৮)। তিনি রাজধানীর রায়েরবাগ এলাকায় থাকেন।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী মোড়ে ট্রাফিক পুলিশের কয়েকজন সদস্য দায়িত্ব পালন করছিলেন। এ সময় নিপা আক্তারের চিৎকার শুনে তাঁরা দেখতে পান, এক ব্যক্তি দৌড়ে পালাচ্ছেন। পরে কর্তব্যরত সার্জেন্ট ইমরান মৃধা ধাওয়া করে সেলিমকে আটক করেন।

পরে তল্লাশি করে সেলিমের কাছে ছিনতাই হওয়া স্বর্ণের দুল পাওয়া যায়নি। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দুলটি গিলে ফেলার কথা জানান। এরপর তাঁকে বমি করানো হয়। একপর্যায়ে তাঁর পেট থেকে স্বর্ণের কানের দুলটি বের হয়ে আসে।

পুলিশ জানায়, আটক সেলিম ও ভুক্তভোগী নারীকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যাত্রাবাড়ী থানায় পাঠানো হয়েছে।