বদলে গেল আবু বাকার ছিদ্দিকের জীবনযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অফিস ছেড়ে বাড়ি ফিরছেন। সচিবালয়, ঢাকা
ছবি: মোশতাক আহমেদ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এ বি এম আবু বাকার ছিদ্দিকের বাসা মিরপুরের পাইকপাড়ায়। তিনি সেখানে সরকারি বাসায় থাকেন। অফিসে আসার জন্য প্রতিদিন পৌনে ৭টায় ঘুম থেকে উঠে প্রস্তুতি নিতেন। সকাল ৮টা বাজার ১০ মিনিট আগে অফিসের গাড়ি ধরতেন। অফিসে পৌঁছাতেন সকাল ৯টায়। অফিস শেষে বিকেলে বাসায় ফিরতেন।

বছরের পর বছর ধরেই আবু বাকার ছিদ্দিক এ অভ্যাসে চলেছেন। কিন্তু এখন তাঁর চিরচেনা সেই অভ্যাস পাল্টাতে হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারের নেওয়া নতুন অফিস সময়সূচির জন্য তাঁকে এখন ভোরে ঘুম থেকে উঠতে হচ্ছে। অফিসেও রওনা দিতে হচ্ছে আগের চেয়ে বেশ আগেই।

আজ থেকেই দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় শুরু হয় সকাল আটটায়। আর শেষ সময় বেলা তিনটায়। সাপ্তাহিক ছুটি এখনকার মতো শুক্র ও শনিবারই থাকবে। গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন (শুক্র ও শনিবার) করা হয়েছে। এ ছাড়া ব্যাংকের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আজ থেকে দেশের সব ব্যাংকের লেনদেনর সময়সূচি ছিল সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত। তবে লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক অন্যান্য কাজ করে বিকেল পাঁচটার মধ্যে সব কর্মকর্তা-কর্মচারীকে অফিস ছাড়তে বলা হয়।

প্রশাসনিক কর্মকর্তা আবু বাকার ছিদ্দিকের অফিস সচিবালয়ে। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের দোতলায় বসেন। সরকারের নতুন সময়ের কার্যক্রমের চিত্র দেখার জন্য সকালে তাঁর দপ্তরে তাঁর সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে জানালেন, তিনি অফিসের মাইক্রোবাসে আসা-যাওয়া করেন। অন্য সময়ে ৭টা ৫০ মিনিটে মিরপুর থেকে রওনা দিয়ে পৌঁছাতে সময় লাগত ১ ঘণ্টা ১০ মিনিটের মতো। তখন ঘুম থেকে উঠতেন পৌনে ৭টায়। কিন্তু আজকে আরও এক ঘণ্টা আগে, সকাল পৌনে ৬টায় ঘুম থেকে উঠেছেন। এরপর প্রয়োজনীয় প্রস্তুতি ও নাশতা খেয়ে সকাল ৬টা ৫০ মিনিটে রওনা দিয়ে অফিসে পৌঁছান সকাল ৭টা ৫০ মিনিটে। এত দিন বাসা থেকে দুপুরের খাবার নিয়ে এলেও আজ আর আনেননি। চিন্তা করেছেন একেবারে অফিস শেষ করে বাসায় গিয়ে খাবেন।

আবু বাকার ছিদ্দিক প্রথম আলোকে বলেন, নতুন এই সময়ের সঙ্গেও অভ্যাস হয়ে যাবে। তাঁর পরামর্শ এ জন্য আগে আগে ঘুমাতে হবে।

আবু বাকারের মতো সব সরকারি চাকরিজীবীদেরই জীবনযাপন পাল্টে যাচ্ছে। কারণ, এত দিন সকাল নয়টায় অফিস শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষ হতো। আর এখন সকাল আটটায় শুরু হয়ে বিকেল তিনটায় শেষ হবে। অভ্যাস পরিবর্তনের কথা বোঝা গেল জনপ্রশাসনের এক নারী কর্মচারীর কথায়। তিনি জানালেন, তাঁর বাসা আগারগাঁওয়ে। স্টাফ বাসে আসা-যাওয়া করেন। নতুন অফিস সময়ের প্রথম দিনে আজ তিনি সকাল ৭টায় রওনা দিয়ে ৭টা ২০ মিনিটেই পৌঁছে যান। তবে, আজকের পর থেকে আরেকটু পরে রওনা দেবেন বলে ঠিক করেছেন। আজকে তিনি অফিসও ছাড়েন বেলা তিনটা বাজার খানিক আগেই। বললেন, বাস ধরতে হবে, তাই কয়েক মিনিট হাতে রেখেই অফিস ছেড়েছেন।

আরও পড়ুন

সচিবালয়ে কর্মরত একাধিক কর্মকর্তা জানালেন, যেসব কর্মকর্তা-কর্মচারীর সন্তানের স্কুল সময় সকালে, তাঁদের কিছুটা অসুবিধা হবে। কারণ, অনেকে আগে সন্তানকে স্কুলে নামিয়ে অফিসে আসতেন। কিন্তু এখন অসুবিধা হওয়ার আশঙ্কা আছে।

অবশ্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজকে সচিবালয়ে এক অনুষ্ঠানে ইঙ্গিত দিলেন নতুন এই সময়সূচি আপাতত সময়ের জন্য। পরে তা সমন্বয় হতে পারে।

আরও পড়ুন