বিএনপি নেতা ইশরাক কারাগারে

বিএনপির নেতা ইশরাক হোসেনকে আদালত থেকে হাজতে নেয় পুলিশ। ঢাকা, ১৯ মেছবি: সংগৃহীত

পল্টন থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ রোববার এ আদেশ দেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ইশরাকের আইনজীবী তৌহিদুল ইসলাম।
আইনজীবী তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিএনপি নেতা ইশরাক হোসেন আদালতে আত্মসমর্পণ করে পল্টন থানাসহ ১২টি মামলায় জামিন আবেদন করেন। আদালত পল্টন থানার রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অবশ্য অপর ১১টি মামলায় ইশরাকের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

এর আগে ২০২২ সালের ৬ এপ্রিল মতিঝিল থানার মামলায় ইশরাক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে ১২ এপ্রিল তিনি আদালত থেকে জামিন পেয়ে ছাড়া পান।