তরুণ শিল্পীদের প্রদর্শনী ‘বাঁকমুহূর্ত’ 

‘বাঁকমুহূর্ত’ নামের প্রদর্শনীতে শিল্পকর্ম দেখছেন দর্শক। তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে চলছে এই যৌথ শিল্পকর্ম প্রদর্শনীছবি: শূন্য স্টুডিওর সৌজন্যে

দেশের তরুণ একদল শিল্পী বিউপনিবেশায়নের শিল্পভাবনা তুলে ধরেছেন তাঁদের ভিন্নমাত্রার শিল্পকর্মে। প্রদর্শনীর নাম ‘বাঁকমুহূর্ত’। রাজধানীর তেজগাঁওয়ে আলোকি কনভেনশন সেন্টারে এ প্রদর্শনী আয়োজন করেছে শূন্য স্টুডিও।

প্রদর্শনীতে শিল্পীরা উত্তর ঔপনিবেশিক কালপর্বে বাংলাদেশের শিল্পযাত্রার বিষয়টিকে তুলে আনার চেষ্টা করেছেন। ৫ জুন শুরু হওয়া প্রদর্শনী চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য খোলা থাকছে।

শূন্য স্টুডিওর পরিচালক শিল্পী জাফর ইকবাল বলেন, শিল্পে বিউপনিবেশায়নের ধারণা নিয়ে তাঁরা গত ডিসেম্বরে এক মাসের একটি কর্মশালা করেছিলেন। রাজধানীর লালমাটিয়ার শূন্য স্টুডিওতে এ কর্মশালায় ২০ জন তরুণ শিল্পী অংশ নেন। সেই কর্মশালায় অংশগ্রহণকারীরা যেসব কাজ করেছিলেন, সেখান থেকে বাছাই করা ৩৬টি শিল্পকর্ম নিয়ে ‘বাঁকমুহূর্ত’ নামের এ প্রদর্শনী আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীর সমাপনী দিন শুক্রবার সন্ধ্যা ছয়টায় থাকছে ‘শিল্পে বর্তমানতা ও শিল্পের জীবন্ত পরিসর’ নামে শিল্পী মোস্তফা জামানের সঞ্চালনায় শিল্পী পারসা সানজানা ও অরূপ রাহীর আলাপচারিতা। চলন্তিকা ভ্রাম্যমাণ স্টুডিওর ব্যবস্থাপনায় বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত থাকছে বিনা মূল্যে ছবি প্রিন্ট করার ব্যবস্থা।

প্রদর্শনী ‘হাজারো গল্প’

তরুণ ২৭ শিল্পীর ৫৫টি শিল্পকর্ম নিয়ে ‘হাজারো গল্প’ নামের যৌথ শিল্পকর্ম প্রদর্শনী শুরু হচ্ছে শুক্রবার, ধানমন্ডির ৪ নম্বর সড়কের সফিউদ্দিন শিল্পালয়ে। উদ্বোধনী অনুষ্ঠান বিকেল পাঁচটায়। প্রদর্শনী চলবে ১৫ জুন পর্যন্ত। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে প্রদর্শনী।