আইডিয়াল স্কুল: পরিচালনা কমিটির সদস্যের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির (গভর্নিং বডি) এক সদস্যের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির এক ছাত্রীকে ‘ফাঁদে ফেলে’ হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা কমিটি।
আজ বুধবার পরিচালনা কমিটির সভায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
জানতে চাইলে পরিচালনা কমিটির সদস্যসচিব ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য এক মাসের সময় দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তিন ক্যাম্পাসে (মতিঝিল মূল, বনশ্রী ও মুগদা ক্যাম্পাস) প্রায় সাড়ে ২৯ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে।