নারী দিবসে জয় বাংলা কনসার্টে বিশেষ আয়োজন
ঢাকার আর্মি স্টেডিয়ামে কাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা কনসার্ট। এদিন নারী দিবস উদ্যাপনে নারীদের কনসার্টে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা। নিজেদের ফেসবুক পেজে ইয়াং বাংলা এ আহ্বান জানায়। সিআরআইয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই পোস্টে নারী দিবসে উদ্যাপনে কাল অনুষ্ঠেয় জয় বাংলা কনসার্টে নারীদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। তা ছাড়া এ জন্য নারীদের আলাদা বিশেষ নিবন্ধনও চালু করা হয়েছে বলে জানায় ইয়াং বাংলা।
৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটিকে স্মরণ করে ৭ মার্চ ঢাকার আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্ট আয়োজিত হয়ে আসছে। কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ ও ২০২২ দুই বছর এটি অনুষ্ঠিত হয়নি। এ কনসার্ট নিয়ে তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অবশেষে এবার মঞ্চে আসতে যাচ্ছে জয় বাংলা কনসার্ট।
তবে পবিত্র শবে বরাতের কারণে ৭ মার্চের বদলে এবার আয়োজন করা হচ্ছে ৮ মার্চ।
তরুণদের মধ্যে সাড়া ফেলা এই কনসার্টে সর্বশেষ ২০২০ সালে সরাসরি ৬০ হাজার দর্শক অংশ নেন। এ ছাড়া অনলাইন ও টেলিভিশনে প্রায় দুই কোটি মানুষ উপভোগ করেন কনসার্টটি।
কনসার্টে চেনাজানা প্রিয় ব্যান্ড দলগুলোর গান সরাসরি উপভোগ করতে পারা বড় আকর্ষণ তরুণদের কাছে। এ ছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানও মুগ্ধ করে তাদের। সর্বশেষ আয়োজনে কনসার্টে প্রথমবার যোগ দেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাঁর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন এবং দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকও ছিলেন সেই কনসার্টে। এবারের কনসার্টে মঞ্চ কাঁপাবে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভাল’।
কনসার্টে অংশগ্রহণের জন্য গত বুধবার (১ মার্চ) থেকে নিবন্ধন শুরু হয়, যা চলছে এখনো। কনসার্টের মূল উদ্যোক্তা তারুণ্যের সংগঠন ইয়াং বাংলা জানায়, কনসার্টটি দেখতে বরাবরের মতোই কোনো টাকা লাগবে না। তবে নির্ধারিত সময়ে অনলাইনে রেজিস্ট্রেশন করে সংগ্রহ করতে হবে প্রবেশের টিকিট।
লিংকে গিয়ে নিবন্ধন করতে হবে। সেখানে ফটো আইডি হিসেবে কলেজের আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি বা ড্রাইভিং লাইসেন্সের কপি ব্যবহার করতে হবে।
নিবন্ধনের সময় খেয়াল রাখতে হবে জাতীয় পরিচয়পত্রের নামের সঙ্গে যেন নিবন্ধনের জন্য দেওয়া নামের সম্পূর্ণ মিল থাকে। সবকিছু সঠিকভাবে পূরণ হয়ে গেলে ‘সাবমিট অ্যান্ড গেট ফ্রি টিকিট’ অপশনে ক্লিক করতে হবে।