গণিত অলিম্পিয়াডের অনলাইন বাছাই ৩০ ডিসেম্বর
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৩-এর প্রথম ধাপে অনলাইন বাছাই পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। আয়োজকেরা জানান, একই দিনে দুই ভাগে চার ক্যাটাগরির পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে।
শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনলাইনে জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরির শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রাইমারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির শিক্ষার্থীদের পরীক্ষা হবে। ইতিমধ্যে যারা গণিত উৎসব ২০২৩-এর জন্য রেজিস্ট্রেশন করেছে, তারাই শুধু অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডে অংশ নিতে পারবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের লিংকে প্রত্যেকের নিজ নিজ ৬ অঙ্কের ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। নিবন্ধনের সময় যে ই-মেইল ব্যবহার করা হয়েছে, সেই ই-মেইলে ইউজারনেম ও পাসওয়ার্ড পাঠানো হয়েছে। ইউজারনেম বা পাসওয়ার্ড ভুলে গেলে সেই ই-মেইল থেকে দেখে নেওয়া যাবে। প্রয়োজনে পাসওয়ার্ড রিসেট করা যাবে।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসবের আয়োজন করছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। গণিত উৎসবের সব খবর পাওয়া যাবে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট matholympiad.org.bd এবং facebook.com/BdMOC অফিশিয়াল ফেসবুক পেজে।
অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডে বিজয়ীদের নিয়ে আঞ্চলিক উৎসব এবং আঞ্চলিক উৎসবের বিজয়ীদের নিয়ে জাতীয় গণিত উৎসব অনুষ্ঠিত হবে।