শেষ বেলায় বইয়ের খোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশে বইমেলা
ফাইল ছবি

প্রকাশনীর স্টলের ভেতর থেকে মেলা দেখতে অন্য রকম। চারপাশের ভেসে আসা শব্দের মধ্যে উঠে আসে অসংখ্য বইয়ের নাম। আর লম্বা স্টলগুলোর সামনে পাঠককে দাঁড়াতে হয় সরলরেখার মতো। ঐতিহ্য প্রকাশনীর বইয়ের রাজ্যের মাঝখানে দাঁড়ালে শোনা যাবে, পাঠক খুঁজছেন বিভিন্ন রচনাবলি। চারু মজুমদার অথবা অশ্বিনী কুমার রচনাসংগ্রহ আছে ঐতিহ্যে। গতকাল শনিবার মেলার ভিড় হতাশ করেনি প্রকাশকদের। কেউ কেউ বললেন, শেষ পাতে দইয়ের মতো শেষ বেলায় এখন মানুষ নিজেদের পছন্দের বই খুঁজে নিতে শুরু করেছেন। নতুন বইয়ের সঙ্গে এখনো পাঠক মেলায় এসে কিনছেন রবীন্দ্রনাথের উপন্যাস অথবা কাজী নজরুল ইসলামের সঞ্চিতা।

পুরোনো বইয়ের প্রসঙ্গে হুমায়ূন আহমেদের উপস্থিতি একই রকম উজ্জ্বল। গতকাল সন্ধ্যায় অন্যপ্রকাশের প্যাভিলিয়নে বসতেই শোনা গেল, বাদশাহ নামদার–এর খোঁজ চলছে। এর মধ্যে একজন বর্ষীয়ান লেখক তাঁর ছেলেকে ফোন করে জানতে চাইলেন, এখান থেকে প্রকাশিত তাঁর বইটি নিয়ে পাঠকের আগ্রহ কেমন, তাঁরা অটোগ্রাফ চাইছেন কি না? ৯৩ বছরের নূরজাহান সরকার অনেক আগে প্রকাশিত নিজের স্মৃতির জানালা নামের বইটি নিয়ে এখনো সমান আগ্রহী।

তবে বই নিয়ে মাসব্যাপী এই দীর্ঘ আয়োজনের ব্যবস্থাপনা প্রসঙ্গে অভিযোগ আছে অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলামের। তিনি জানালেন, ‘এবারের মেলা ২০২০ সালের মেলার চেয়ে ভালো হবে ভেবেছিলাম। বরং আরও খারাপ হয়েছে। এত বছর ধরে মেলার আয়োজন করা হচ্ছে, অথচ ব্যবস্থাপনার ত্রুটিগুলো রয়েই যাচ্ছে।’ একটু দূরের বাতিঘরে তখন পাঠকের সঙ্গে কথা বলছিলেন স্বত্বাধিকারী দীপংকর দাস। বললেন, পাঠক এখন বই কেনার ব্যাপারে সচেতন। তাঁরা যাচাই-বাছাই করে কিনছেন। বিক্রয়যোগ্য বই থাকলে ঠিকই বিক্রি হচ্ছে।

গতকাল নতুন বই এসেছে ১৮৫টি। এর মধ্যে গবেষণার বই মাত্র একটি। তবে পুরোনো ভালো বইগুলো মেলায় আছে। বিচারপতি হাবিবুর রহমানের কয়েকটি গবেষণার বই আছে মাওলা ব্রাদার্সে। ড. মুহাম্মদ ইউনূসের লেখা পাঁচটি বই আছে এখানে। এ বছরের মেলায় উল্লেখযোগ্য অনুবাদগ্রন্থের একটি নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড সরাসরি রুশ ভাষা থেকে প্রথমবারের মতো বাংলায় প্রকাশিত হয়েছে মাওলা ব্রাদার্স থেকে। তলকুঠুরির কড়চা নামে বইটির অনুবাদক মশিউল আলম।

টিএসসির দিক দিয়ে মেলা থেকে ফেরার পথে প্রথমা প্রকাশনে গতকাল সন্ধ্যায় প্রতিদিনের মতো ছিলেন অনেক পাঠক। প্রথমা প্রকাশনের বিপণনকর্মীরা জানালেন, ‘আজ মনে হচ্ছে মেলা জমছে। ভিড়ও আছে। বইও ভালো কিনছেন পাঠক।’ প্রথমায় দ্য পলিটিক্যাল ইকোনমি অব এডুকেশন ইন সাউথ এশিয়ার মতো তথ্যপূর্ণ বইয়ের পাশাপাশি আছে লাল সবুজের কত কহন বা সুদূরতমা অথবা আশালতা বইগুলোর চাহিদা।