রাজধানীতে পৃথক এলাকায় দুই পরিবহনে অগ্নিসংযোগ
রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে পৃথক দুটি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে মোহাম্মদপুরে পুলিশের একটি গাড়ি ও সন্ধ্যায় মিরপুরে চলন্ত বাসে এই আগুনের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে পুলিশ জড়িত কাউকে শনাক্তও করতে পারেনি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম প্রথম আলোকে বলেন, আজ ভোর সাড়ে চারটার দিকে এসপিবিএন-১-এর রোডসাইড ওয়ার্কশপের বাইরে রাখা অকেজো গাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। ঘটনাস্থলে একজন সাব-ইন্সপেক্টর ও দুজন কনস্টেবল পাহারায় থাকলেও দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালিয়ে যেতে সক্ষম হয়। আগুনে গাড়ির ইঞ্জিনের ক্ষতি না হলেও সিট পুড়ে আনুমানিক ৬০ থেকে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে মামলা করা হচ্ছে।
অন্যদিকে মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মিরপুর ১০ ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। চলন্ত বাসটিতে দুর্বৃত্তরা গানপাউডার দিয়ে আগুন দেয়। এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
এদিকে গতকাল শুক্রবার দিবাগত রাতে সাভার ও আশুলিয়ার পৃথক তিনটি স্থানে দাঁড় করিয়ে রাখা তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগের দিন বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্লবীর কালশী রোডে একটি এবং বাড্ডার মেরুল এলাকায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।