ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই নেতাকে ‘পিটিয়ে’ পুলিশে দিল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুধবার রাতে ছাত্রদলের দুই নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রলীগের নেতা–কর্মীরা
ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা-কর্মীদের বেদম পিটুনির শিকার হয়েছেন ছাত্রদলের দুই নেতা। ছাত্রলীগের দাবি, ছাত্রদলের দুই নেতা নাশকতা করার উদ্দেশ্যে ক্যাম্পাসে এসেছিলেন। পরে সাধারণ শিক্ষার্থীরা তাঁদের আটক করে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশে সোপর্দ করেছেন। তবে ছাত্রদল বলছে, তাদের ওই দুই নেতার ওপর ছাত্রলীগ হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা থেকে ছাত্রদলের ওই দুই নেতাকে আটক করেন ছাত্রলীগের একদল নেতা-কর্মী। মারধর করে পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। ওই দুই নেতা হলেন ছাত্রদলের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখার সাধারণ সম্পাদক ইমাম আল নাসের ওরফে মিশুক ও অমর একুশে হল শাখার জ্যেষ্ঠ সহসভাপতি জসিম খান।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, ছাত্রদলের নেতা ইমাম আল নাসের ও জসিম খানের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা করেছে ছাত্রলীগ। অমানবিকভাবে শারীরিক নির্যাতনের পর গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এরপর তাঁদের মুঠোফোন কেড়ে নিয়ে ছাত্রলীগ সেই মুঠোফোন থেকে ইমাম ও জসিমের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ পোস্ট দিচ্ছে।

এ ঘটনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল ও প্রক্টর মাকসুদুর রহমানের পদত্যাগ, ছাত্রলীগের বিচার এবং ছিনতাই হওয়া মুঠোফোন ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতা নাছির উদ্দীন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রথম আলোকে বলেন, ছাত্রদলের ওই দুই নেতা নাশকতার উদ্দেশ্যে ক্যাম্পাসে এসেছিলেন। সাধারণ শিক্ষার্থীরা তাঁদের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশে সোপর্দ করেছেন।

মারধরের অভিযোগের বিষয়ে তানভীর হাসানের ভাষ্য, ‘বাংলাদেশের জনগণ ও শিক্ষার্থীরা ওদের (বিএনপি–ছাত্রদল) বিরুদ্ধে সচেতন হয়ে গেছে। এখন সাধারণ মানুষ তাদের গণপিটুনি দিচ্ছে।’ ছাত্রলীগের এই নেতা বলেন, কোনো ধরনের নাশকতা সহ্য করা হবে না এবং কেউ নাশকতা করতে এলে যে হাত দিয়ে আগুন দেবে, সেই হাতে প্রয়োজনে আগুন ধরিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বুধবার প্রথম আলোকে বলেন, পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছাত্রদলের দুই নেতাকে আদালতে পাঠানো হয়েছে।