পূর্ণিমার জ্যোৎস্নায় শাকিলের কণ্ঠে নজরুলের গান
অগুনতি বহুতল ভবনে আকাশ ঢেকে ফেলা এই ঢাকা শহরে কবে কখন পূর্ণিমা আসে-যায়, তা ঠাহর করাই দুরূহ। সেই দুর্লভ সুযোগ পাওয়া গেলে চাঁদের আলো গায়ে মেখে গান শোনা কতটা আনন্দের হতে পারে, তা বলে বোঝানোর চেষ্টা বৃথা। আজ মঙ্গলবার দিনের শেষে পূর্ব আকাশে যখন পূর্ণিমার চাঁদ উঠল, তখন জ্যোৎস্নায় ভিজে সুরের ইন্দ্রজালে ভেসে যাওয়ার সুযোগ পেলেন শ্রোতারা।
বিশ্বসাহিত্য কেন্দ্রের নবম তলার ওপরের খোলা ছাদে শ্রোতাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানে গানে মোহিত করে রাখলেন বরেণ্য শিল্পী খায়রুল আনাম শাকিল। ঘোষণা অনুযায়ী ঠিক সন্ধ্যা ছয়টাতেই শুরু হয় সুরসাগরে ভাসার পালা। শিল্পী আসর শুরু করেন ‘এ নহে বিলাস বন্ধু’ গজলটি পরিবেশন করে।
শুরুতে সঞ্চালক এম আলমগীর শিল্পীর পরিচিতি তুলে ধরে শ্রোতাদের আমন্ত্রণ জানান খায়রুল আনাম শাকিলের সুরেলা কণ্ঠে প্রেম ও দ্রোহের কবি নজরুলের বাণী ও সুরের অমিয় রসধারা উপভোগের জন্য। শিল্পীর সঙ্গে তবলায় সংগত করেন রবীন্দ্রনাথ পাল এবং কিবোর্ডে ছিলেন বরকত নেওয়াজ।
খায়রুল আনামের পরের পরিবেশনাটিও ছিল গজল—বেহাগ রাগে বাঁধা ‘কেন দিলে এ কাঁটা/যদি গো কুসুম দিলে’। ছোট আলাপ দিয়ে শুরু করে গজলটি পরিবেশন করেন তিনি। প্রতিটি গান পরিবেশনের আগে শিল্পী গানটি লেখার প্রেক্ষাপট, বিষয়, সুর-তাল-রাগ সম্পর্কে খানিকটা করে আভাস দিচ্ছিলেন শ্রোতাদের। প্রসঙ্গক্রমে দেশে নজরুলসংগীত চর্চার অবস্থা, কবির গানের মূল স্বরলিপি সংরক্ষণের উদ্যোগ—এমন নানা তথ্য তুলে ধরেন। ফলে গানের সঙ্গে শ্রোতাদের মনের যোগাযোগ আরও নিবিড় হয়ে উঠছিল; উপভোগ্য হয়ে উঠেছিল এভাবে গান শোনা।
কবির জনপ্রিয় ভৈরবী রাগের গান ‘খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু’ পরিবেশনের পর শিল্পী শ্রোতাদের শোনান একটি অপ্রচলিত গান, ‘আঁধারের এলোকেশ ছড়িয়ে এলে তুমি ধূসর সন্ধ্যা’। তিনি জানান, ১৯৪৩ সালের দিকে রেকর্ড হওয়া এই গানটির মূল রেকর্ড থেকে স্বরলিপি করেছে নজরুল ইনস্টিটিউট। এ প্রসঙ্গে তিনি সুধীন দাস, শেখ লুৎফর রহমান, সোহরাব হোসেন, লায়লা আরজুমান্দ বানু, ফিরোজা বেগমসহ যাঁরা স্বরলিপি তৈরির কাজে আত্মনিবেদিত ছিলেন, সেই অগ্রজ সংগীতজ্ঞদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তরুণ প্রজন্মের শ্রোতাদের কাছে তাঁদের অবদান স্মরণ করিয়ে দেন।
কাজী নজরুল ইসলাম ছিলেন আপাদমস্তক অসাম্প্রদায়িক চিন্তার কবি। তিনি সমান চোখে দেখেছেন সব ধর্মের মানুষকে। যেমন লিখেছেন শ্যামাসংগীত, তেমনি বাংলায় ইসলামি গানের প্রবর্তনও তাঁর হাত দিয়েই; রচনা করেছেন অসংখ্য কালজয়ী হামদ-নাত। সেই ধারারই দুটি গান পরপর শোনালেন শিল্পী—শ্যামাসংগীত ‘বল রে জবা বল/ কোন সাধনায় পেলি শ্যামা মায়ের পদতল’ এবং ইসলামি গান ‘আয় মরু পারের হাওয়া/ নিয়ে যারে মদিনায়’।
বিশ্বসাহিত্য কেন্দ্রের সমন্বয়কারী মেজবাহ উদ্দিন প্রথম আলোকে জানান, প্রায় ১২ বছর ধরে তাঁরা প্রতি মাসের পূর্ণিমাসন্ধ্যায় খোলা ছাদে এমন গানের আসর করে আসছেন। কেবল বিশিষ্ট শিল্পীরাই নন, নবীন শিল্পীরাও এই আয়োজনে শ্রোতাদের সামনে গান গাওয়ার সুযোগ পান। আর অনুষ্ঠানটি সংগীতানুরাগী সবার জন্যই উন্মুক্ত।
সময়ের সঙ্গে সঙ্গে পূর্ণিমার চাঁদের হাসিও ক্রমে প্রস্ফুটিত হচ্ছিল। প্রায় ঘণ্টা তিনেক ধরে কবির বিভিন্ন আঙ্গিকের গান পরিবেশন করেন একুশে পদকপ্রাপ্ত জননন্দিত শিল্পী খায়রুল আনাম শাকিল।