ন্যাশনাল ব্যাংকে রাতে লেনদেন, গুলশান করপোরেট শাখার প্রধানকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল ব্যাংক

ব্যাংকের নির্ধারিত সময়সূচি শেষে লেনদেনের বৈধতা বিষয়ে ব্যাখ্যা জানাতে ন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখার প্রধানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১২ মার্চ তাঁকে সশরীর আদালতে হাজির হতে বলা হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন।

‘ন্যাশনাল ব্যাংকে এবার রাত ৮টার পর লেনদেন কেন্দ্রীয় ব্যাংকের চিঠি’ শিরোনামে গতকাল রোববার প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি নজরে আনার পর শুনানি নিয়ে আজ আদেশ দেওয়া হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন ও দুদকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান শুনানিতে ছিলেন। দুদক আইনজীবী প্রথম আলোর প্রতিবেদনটি আদালতে তুলে ধরেন।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ওই অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। দুদক, বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, গুলশান শাখার ব্যবস্থাপকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া ওই ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানিয়ে কেন্দ্রীয় ব্যাংককে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

দুদক আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন,‘কেন্দ্রীয় ব্যাংক বলছে, এটি শাস্তিযোগ্য অপরাধ। দেড় মাস চলে গেল। কেন্দ্রীয় ব্যাংক কী ব্যবস্থা নিয়েছে, তা জানি না। আদালত স্বতঃপ্রণোদিত রুল দিয়েছেন। ব্যাংকিং সময়ের বাইরে টাকা উত্তোলন হয়েছে, এটি কতটা বৈধ গুলশান করপোরেট শাখার প্রধানকে ১২ মার্চ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ওই লেনদেন কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়েছে।’

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে ব্যাংকে টাকা জমা দেওয়া ও উত্তোলন করা যায়। তবে ন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখা রাত ৮টার পরও এক গ্রাহককে নগদ ২২ কোটি ৬০ লাখ টাকা দিয়েছে। এ ঘটনা ঘটেছে গত ২৮ ডিসেম্বর। বাংলাদেশ ব্যাংক বলেছে, নির্ধারিত সময়ের পর নগদ লেনদেন করে ব্যাংকের কর্মকর্তারা গুরুতর অনিয়ম করেছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। এ জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন