তুরাগে বিস্ফোরণে দগ্ধদের কেউ বেঁচে রইলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহীন মিয়া
ছবি: প্রথম আলো

রাজধানীর তুরাগের রাজাবাড়ি এলাকায় ভাঙারি দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাহীন মিয়াও মারা গেলেন। এ ঘটনায় দগ্ধ ৮ জনের মধ্যে ২৪ বছর বয়সী শাহীন মিয়াই বেঁচে ছিলেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জনই রিকশাচালক।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন প্রথম আলোকে বলেন, শাহীনের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

শাহীনের ভাতিজি তামান্না রহমান প্রথম আলোকে জানান, শাহীনের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়। বাবার নাম হাসান মিয়া। তিনি তুরাগের রাজাবাড়ি এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত শেষে শাহীনের লাশ স্বজনেরা আজ শনিবার সকালে নিয়ে গেছেন।

৬ আগস্ট দুপুরে এ বিস্ফোরণে দগ্ধ ৮ জনকে হাসপাতালে আনা হয়েছিল। ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় নূর হোসেন (৬০), গাজী মাজহারুল ইসলাম (৪৫) ও আলমগীর হোসেন (২৩) মারা যান।

পরদিন ৭ আগস্ট রাতে মারা যান মিজানুর রহমান (৩৫) নামের একজন। আর ৮ আগস্ট রাতে মারা যান মাসুম আলী (৩৫) ও আল আমিন (৩০)। মাজহারুল ইসলাম ভাঙারি দোকান ও পাশের রিকশার গ্যারেজের মালিক ছিলেন।

মেয়াদোত্তীর্ণ জীবাণুনাশক বের করে বোতল খালি করার সময় এ বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক তদন্তের ভিত্তিতে মনে করছেন পুলিশ কর্মকর্তারা। তবে ঘটনা কীভাবে ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি তাঁরা।