ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মহানগরের বাইরের হাসপাতালে তিনি মারা গেছেন। এ নিয়ে চলতি মাসে এডিস মশাবাহিত এই রোগে ১১ জনের মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদপ্তর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ২০ জন ভর্তি হয়েছেন।
চলতি মাসের প্রথম ১৮ দিনে দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৭৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৮৭ ও ঢাকার বাইরের হাসপাতালে ৪৯৮ জন।
গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন মারা গেছেন গত বছর। আর ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেনন ৮৬৮ জন।
উষ্ণ আবহাওয়ায় ডেঙ্গুর বিস্তার ঘটে বেশি। তবে শীতেও দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। ২০২২ সালে শীত মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ থাকলেও রোগটির এত বিস্তৃতি দেখা যায়নি।