দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করতে শিক্ষার্থীদের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়ে উপাচার্য ইমদাদুল হককে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার উপাচার্যের কার্যালয়ে শিক্ষার্থীরা এই স্মারকলিপি প্রদান করেন।

এর আগে গত রোববার দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন প্রকল্পে কেরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে টেন্ডার দখলের অভিযোগে প্রতিবাদ ও দ্রুত সম্প্রসারিত ক্যাম্পাস নির্মাণের কাজ শেষ করাসহ ১০ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হল অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় দ্রুততম সময়ে দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সম্পৃক্ত রয়েছেন এমন কোনো নির্মাণ প্রতিষ্ঠানকে টেন্ডার না দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ করা, ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, আবাসিক হলগুলো আগে নির্মাণ করা, সকল টেন্ডারের সুষ্ঠু তদন্ত করা, জরিপের মাধ্যমে পূর্ণাঙ্গ ২০০ একর জমি নিশ্চিত করা, প্রকল্পে ছাত্র প্রতিনিধি যুক্ত করা বা শিক্ষার্থীদের কাছে প্রকল্পের সকল তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা, দ্রুত মাস্টারপ্ল্যান বাস্তবায়ন, পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনুষ্ঠান সম্প্রসারিত দ্বিতীয় ক্যাম্পাসে করার ব্যবস্থা নেওয়া।

ওই কর্মসূচি থেকে বুধবারের মধ্যে দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে উপাচার্যের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। পরে উপাচার্য ইমদাদুল হক শিক্ষার্থীদের বলেন, তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আবেদন করেছেন। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলে দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ দ্রুত শেষ করার বিষয়ে তাঁকে (প্রধানমন্ত্রীকে) শিক্ষার্থীদের দাবিগুলো জানাবেন।

এ বিষয়ে উপাচার্য ইমদাদুল হক আরও বলেন, ‘দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজের অগ্রগতি জানতে প্রতি সপ্তাহে একটি করে প্রতিবেদনে দিতে প্রকৌশল দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বচ্ছতার বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল তথ্য সরবরাহ করবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ, প্রক্টর মোস্তফা কামাল, রেজিস্ট্রার ওহিদুজ্জামান প্রমুখ।