ডিআইটি পুকুরপাড়ে কাউন্সিলরের স্থাপনা ভাঙতে পারেনি রাজউক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিআইটি পুকুর ভরাট করে নির্মিত কাউন্সিলরের স্থাপনা ভেঙে দেওয়ার কথা থাকলেও ঘটনাস্থলে যাননি রাজউকের কর্মকর্তারা। ঢাকা, ১৮ জুন
ছবি: প্রথম আলো

পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় ডিআইটি পুকুর ভরাট করে নির্মিত কাউন্সিলরের স্থাপনা ভাঙতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আদালতের স্থিতাবস্থার কারণে স্থাপনাটি ভাঙা যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার সকাল ১০টায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ার কথা জানানো হয়েছিল রাজউকের জনসংযোগ বিভাগ থেকে। বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা ঘোষিত সময়ে সেখানে উপস্থিত হলেও রাজউকের কোনো কর্মকর্তার দেখা পাওয়া যায়নি।

পরে রাজউকের একজন দায়িত্বশীল কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি প্রথম আলোকে বলেন, কাউন্সিলরের স্থাপনা না ভাঙতে আগেই আদালতের স্থিতাবস্থা ছিল। আজ এর সার্টিফায়েড কপি রাজউকে জমা দেওয়া হয়েছে। আইনি মোকাবিলা শেষে আবারও এসব স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হবে বলে জানান ওই কর্মকর্তা।

এর আগে ৮ জুন শত বছরের পুরোনো ডিআইটি পুকুর ভরাট করে নির্মিত শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছিল রাজউক। ওই দিন কাউন্সিলর কার্যালয় যে ভবনে, সেটি ও আরেকটি বহুতল ভবন না ভেঙে অপসারণ করতে সাত দিন সময় দেওয়া হয়। এর ৯ দিন পর এসে রাজউক বলছে, আদালতের স্থিতিবস্থার কারণে ওই সব স্থাপনা ভাঙা যাবে না।

ডিআইটি পুকুরের আয়তন প্রায় এক একর। পুকুরটি ব্যক্তিমালিকানাধীন হলেও মহানগরী, বিভাগীয় শহর ও জেলা, পৌর এলাকাসহ দেশের সব পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এর ২(চ) অনুসারে প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত। বিদ্যমান এ আইনের ৮ ধারা অনুসারে প্রাকৃতিক জলাধার, ভূমির শ্রেণি পরিবর্তন করার সুযোগ নেই। কেউ তা করলে ন্যূনতম পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ওই এলাকার সাবেক কাউন্সিলর সাইদুর রহমানের লোকজন পুকুরের চারপাশ ভরাট করে দোকানপাট ও মার্কেট তৈরি করেছিলেন। ৮ জুন সেখানে উচ্ছেদ অভিযান শুরুর আগে রাজউকের কর্মকর্তারা স্থাপনা নির্মাণের অনুমতির কাগজপত্র দেখতে চেয়েছিলেন। তবে কেউ দেখাতে পারেনি। তাই পুকুরের চারপাশে দুটি স্থাপনা বাদে বাকি সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।