ডেমরার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে গেছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় একটি কালি তৈরির কারখানায় আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। বেলা পৌনে একটায় এ প্রতিবেদন লেখার সময়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গেছে বলে ব্রিগেড সূত্র জানিয়েছে। আরও দুটি সেখানে যাওয়ার পথে রয়েছে বলে জানিয়েছে সূত্র।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডেমরার আমুলিয়া মডেল টাউনের একটি কালি তৈরির কারখানায় আগুন লাগে। বেলা ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। কারখানটি টিনশেডের। ঘটনা জানার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও দুটি ইউনিট সেখানে গেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, প্রথমে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে তাদের সাহায্যে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে যায়। মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘এই চারটির পর আরও দুই ইউনিট যাচ্ছে। কারখানায় রাসায়নিক আছে বলে ধারণা করা হচ্ছে।’