ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৪
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন চার রোগী।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে দুইজন ঢাকার ও ঢাকার বাইরের দুইজন। আগের দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে ওই দিন ডেঙ্গুতে কেউ মারা যাননি।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
কন্ট্রোল রুম জানিয়েছে, সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৬ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকায় ১৫ জন। বাকি ১১ জন ভর্তি অন্যান্য বিভাগের হাসপাতালগুলোয়।
এদিকে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে গত জানুয়ারিতে ছয়জন ও চলতি ফেব্রুয়ারিতে তিনজন মারা গেছেন।
ডেঙ্গুর প্রাদুর্ভাব এখন সারা বছরই কমবেশি লক্ষ করা যাচ্ছে। বছরের এই সময়, অর্থাৎ শীতকালে এর প্রাদুর্ভাব একটু কম থাকে। তারপরও এ বছর এখন পর্যন্ত ৬৯৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৩৩৫ জন ভর্তি হয়েছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। আর বাকি ৩৬৪ জন ঢাকার বাইরে অন্যান্য জেলায়।