ঢাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম মো. মনির সরদার (৪৫)। তিনি ডেমরা সিটি মিলের শ্রমিক ছিলেন।

পুলিশ বলছে, মনির কাজে যাওয়ার জন্য কোনাপাড়া বাসস্ট্যান্ডের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি গাড়ি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ জানায়, নিহত শ্রমিকের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর আন্ধারচর গ্রামে। তাঁর বাবা মৃত লাল চান মিয়া ও মাতা মৃত নুরজাহান বেগম। তিনি ডেমরা কোনাপাড়া এলাকায় থাকতেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা মরদেহ উদ্ধার করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।