অন্ত্রে নাড়ি পেঁচিয়ে মৃত্যু হয় চিড়িয়াখানার জেব্রাটির
সম্প্রতি রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় মারা যাওয়া জেব্রাটির মৃত্যুর কারণ জানা গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন বলছে, জেব্রাটির অন্ত্রে নাড়ি পেঁচিয়ে গিয়েছিল।
১৮ জুন রাতে এই মেয়ে জেব্রাটি মারা যায়। এখন চিড়িয়াখানায় সাতটি জেব্রা রইল।
ময়নাতদন্তের তথ্যের ভিত্তিতে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার প্রথম আলোকে বলেন, জেব্রাটির ইন্টেস্টিনাল ভলভুলাস (Intestinal volvulus) বা অন্ত্রে নাড়ি পেঁচিয়ে গিয়েছিল। জেব্রা দৌড়ায়, গড়াগড়িও দেয়। এতে অনেক সময় প্যাঁচ পড়তে পারে। এই প্যাঁচ লাগার কারণে মলত্যাগ হচ্ছিল না প্রাণীটির। মল বের না হওয়ায় একপর্যায়ে খাওয়া বন্ধ করে দেয় এবং পরে মারা যায়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, মারা যাওয়ার পাঁচ থেকে ছয় দিন আগেই উপসর্গ দেখা দিয়েছিল জেব্রাটির। তারা মনে করেছিল, জেব্রাটি কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত হয়েছিল। তাই মলত্যাগ বন্ধ করে দিয়েছে। সেটা ধরে নিয়েই চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসার একপর্যায়ে অল্প খাওয়াদাওয়া শুরু করেছিল প্রাণীটি। তবে মলত্যাগ শুরু করেনি।
রফিকুল ইসলাম তালুকদার বলেন, আলট্রাসনোগ্রাম করে এই রোগ শনাক্ত করা যায়। সেই ব্যবস্থা চিড়িয়াখানায় আছে। আলট্রাসনোগ্রাম করতে হলে এটির শরীরে চেতনানাশক প্রয়োগ করতে হতো। জেব্রাটির মলত্যাগ বন্ধ থাকায় এটির পক্ষে এই ধকল কাটিয়ে ওঠা খুব কঠিন ছিল। সেই বিবেচনায় আলট্রাসনোগ্রাম করা হয়নি। এটিকে ওষুধ দেওয়া হয়েছিল।
অস্ত্রোপচার করা ছাড়া এই রোগ ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম উল্লেখ করে চিড়িয়াখানার পরিচালক বলেন, অস্ত্রোপচার করে এ ধরনের প্রাণীর বাঁচার হার একেবারেই কম।
জেব্রার ওজন ২৩৫ থেকে ৪০৫ কেজি হয়ে থাকে। ঘাস, পাতা, ফলের খোসা ও শস্যদানা এদের খাবার। স্ত্রী জেব্রা দেড় বছরে বয়ঃপ্রাপ্ত হয়। এক বছর গর্ভধারণের পর বাচ্চা দেয়। জেব্রার গড় আয়ু ২৫ থেকে ৩০ বছর। চিড়িয়াখানায় মারা যাওয়া জেব্রাটির বয়স হয়েছিল ১৬ বছর।