খিলগাঁওয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজশিক্ষার্থী নিহত
রাজধানীর খিলগাঁওয়ের নগদারপাড় এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীর নাম মো. সাহরুজ (১৯)। বনশ্রী এল ব্লকের ১০ নম্বর রোডের বাসিন্দা শামসুল হকের ছেলে তিনি। সাহরুজ ঢাকা ইম্পেরিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।
খিলগাঁও থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে সাহরুজ ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বনশ্রীর বাসায় ফিরছিলেন। পথে খিলগাঁও ৭৫ নম্বর ওয়ার্ডের নগদারপাড় এলাকায় একটি কাভার্ড ভ্যান তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলে নিহত হন তিনি।
খিলগাঁও থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।