অগ্নিঝুঁকি নিরসনে ব্যবসায়ীদের সঙ্গে ফায়ার সার্ভিসের মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিঝুঁকি নিরসনে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দোকানমালিক ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

অগ্নিঝুঁকি নিরসনে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দোকানমালিক ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ও আজ সোমবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সম্মেলনকক্ষে ঢাকা শহরের ব্যবসায়ীদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের নির্দেশনায় পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় গাউছিয়া মার্কেট, রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেট, মৌচাক মার্কেট, গুলিস্তান পাতাল মার্কেট, বরিশাল প্লাজা, বঙ্গ হোমিও মার্কেট, আজাহার মার্কেট, অ্যানেক্সকো টাওয়ার মার্কেট, ওয়ান স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, গোল্ডেন প্লাজা মার্কেট, বঙ্গবাজার কমপ্লেক্স মহানগর ইউনিটসহ বিভিন্ন বিপণিবিতানের ব্যবসায়ী সমিতির নেতা, হোটেল ও দোকানের মালিক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ মার্কেটের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা অংশ নেন।

সভায় লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী মার্কেট পরিদর্শনের ফলাফল অনুযায়ী অগ্নিনিরাপত্তার দিক থেকে বিপণিবিতানের বিভিন্ন অসংগতি তুলে ধরেন। তিনি এসব সমস্যা সমাধানে করণীয় বিষয়েও সবাইকে ধারণা দেন। তিনি বলেন, ‘জীবন ও সম্পদের সুরক্ষা দেওয়ার জন্য মার্কেট ও শপিং মলের অগ্নিনিরাপত্তা বৃদ্ধিতে আপনাদের সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন। আপনারা আন্তরিক হলেই কেবল ভবিষ্যতে বঙ্গবাজার ও নিউমার্কেটের মতো ভয়াবহ অগ্নিদুর্ঘটনা থেকে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হবে।’

এ সময় ব্যবসায়ীরা জানান, ফায়ার সার্ভিসের পরামর্শ অনুযায়ী বিপণিবিতানের অগ্নিঝুঁকি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তাঁরা।