যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ফল ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (৪৭) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সালমান রহমান বলেন, যাত্রাবাড়ী থেকে কাজলায় যাওয়ার পথে দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান জয়নাল।
ময়নাতদন্তের জন্য ভোরে তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
তবে কোন যানের ধাক্কায় জয়নাল নিহত হয়েছেন, তা জানা যায়নি। জয়নালের জামাতা আবদুর রহমান বলেন, জয়নাল ভ্যানে করে যাত্রাবাড়ীর ধোলাইপার এলাকায় ফল বিক্রি করতেন। তিনি যাত্রাবাড়ীর কাজলা এলাকায় পরিবার নিয়ে থাকতেন। কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনা ঘটে। জয়নালের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়।