মিরপুরে পুলিশের গাড়িতে আগুন লাগানোর কথা জানিয়ে ‘ফেসবুকে পোস্ট’, আটক ১

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১১ নম্বরে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভের একপর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। ১ নভেম্বর ২০২৬ছবি: সাজিদ হোসেন

রাজধানীর মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। পুলিশ বলছে , ওই ব্যক্তি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার কথা জানিয়েছেন।

আজ সোমবার ভোরে মিরপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। তাঁর নাম রাজীব চন্দ্র দাস।  এ ছাড়া পুলিশের গাড়িতে আগুন লাগানো ও ভাঙচুর করার অভিযোগে গতকাল রোববার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ২০ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ ভোরে রাজীবকে আটক করা হয়েছে। তাঁকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।

গতকাল রোববার ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। সকাল থেকে বেলা একটা পর্যন্ত পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল দুপুরে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে ১৯ জনকে আটক করার কথা জানিয়েছিল পুলিশ।

আরও পড়ুন

পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে আরও অনেককেই আটক করা হয়েছে। অভিযান চলছে।  অভিযান শেষে প্রকৃত সংখ্যা বলা যাবে।