ছাদবাগানে গাঁজার গাছ, বাবা-ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরার একটি বাড়ির ছাদবাগানে অভিযান চালিয়ে দুটি গাঁজাগাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক আবদুল ওহাব (৬৬) ও তাঁর ছেলে মাহমুদুল হাসানকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পুলিশ ডেমরার পশ্চিম বক্সনগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস প্রথম আলোকে বলেন, বক্সনগরের একটি চারতলা বাড়ির মালিক আবদুল ওহাব। তাঁর বাসার ছাদ থেকে গাঁজাগাছের গন্ধ পেয়ে আশপাশের লোকজন বিষয়টি পুলিশকে জানান। অভিযানে গিয়ে দেখা যায়, বাসার ছাদবাগানে অন্যান্য গাছের সঙ্গে দুটি গাঁজাগাছ। এগুলো চার–পাঁচ মাস আগে লাগানো হয়েছে। আবদুল ওহাব নিজে গাছগুলোর পরিচর্যা করছিলেন।

পুলিশ কর্মকর্তা মধুসূদন বলেন, এই গাঁজাগাছ কে লাগিয়েছেন, সেটি নিশ্চিত হওয়া যায়নি। বাবা-ছেলে একে অন্যকে দোষারোপ করছেন। তবে পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে, ছেলে মাহমুদুল হাসান গাছ দুটি রোপণ করে থাকতে পারেন। বাবা আবদুল ওহাব নিয়মিত সেই গাছের পরিচর্যা করতেন। গাঁজার গাছ তাঁরা কোথা থেকে পেয়েছেন, সে বিষয়ে মুখ খোলেননি তাঁরা।

পুলিশ জানায়, বাড়ির মালিক আবদুল ওহাব ভাড়াটেদের ছাদে যেতে দিতেন না। গাঁজাগাছের এক ধরনের গন্ধ রয়েছে। সেই গন্ধের কারণেই প্রতিবেশীরা এ গাছ সম্পর্কে জানতে পারেন। তাঁরা কেন গাঁজার গাছ রোপণ করেছেন, সে সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি।