ডিএমপির উচ্ছেদ অভিযান: শেষ দিনে প্রায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা, ৯ জনকে সাজা

উচ্ছেদ অভিযানে ডিএমপির ট্রাফিক বিভাগছবি: ডিএমপি নিউজ

রাজধানীর বিভিন্ন সড়ক ও ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদে সমন্বিত অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। উচ্ছেদ অভিযানের শেষ দিনে ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ১ এপ্রিল থেকে ডিএমপির বিভিন্ন এলাকায় সমন্বিত এ উচ্ছেদ অভিযান শুরু হয়। রোববার অভিযানের শেষ দিন ছিল।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার দিনব্যাপী অভিযানে ফুটপাত ও সড়কের দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের উচ্ছেদ অভিযান চালানো হবে।

ট্রাফিক লালবাগ বিভাগের বরাত দিয়ে ডিএমপি জানিয়েছে, লালবাগের কোতোয়ালি ট্রাফিক অঞ্চলের নর্থ সাউথ রোড, বংশাল ও নয়াবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। আইন অমান্য করায় কয়েকটি প্রতিষ্ঠান ও একজনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মামলা ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

ট্রাফিক ওয়ারী বিভাগের তথ্যমতে, এদিন যাত্রাবাড়ীর জুরাইন ও শ্যামপুর এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আইন অমান্য করায় ১১ ব্যবসায়ীকে ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অন্যদের সতর্ক করা হয়।

ট্রাফিক রমনা বিভাগের অধীন নিউমার্কেট ক্রসিং থেকে ঢাকা কলেজ পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এ এলাকায় অবৈধভাবে পার্ক করা বাইকের বিরুদ্ধে ৫২টি ভিডিও মামলা ও ১৫টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮২ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে মিরপুরে শাহআলী এলাকায় পরিচালিত অভিযানে ১৭টি দোকানে ৮০ হাজার টাকা জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয়। মহাখালী আড়ং ও গুলশান ২ এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা করার অপরাধে চার দোকানিকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। উত্তরায় ফুটপাতের পাঁচ দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদের সতর্ক করা হয়।

ট্রাফিক মতিঝিল বিভাগের বরাত দিয়ে ডিএমপি জানায়, মালিবাগ রেলগেট থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। এ অভিযানে একজনকে গ্রেপ্তার এবং বিভিন্ন দোকানে ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদের সতর্ক করা হয়।

ট্রাফিক তেজগাঁও বিভাগের তথ্যমতে, আগারগাঁও আইডিবি ভবন ও নির্বাচন ভবনসংলগ্ন এলাকায় দখল করা ফুটপাত ও সড়ক থেকে মালামাল অপসারণে অভিযান চালিয়ে ছয়টি দোকানে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।