দুই হাতের রগ কেটে যুবককে ফেলে রাখা হলো ঢাকার সড়কে
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবক খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ীর বিদ্যুৎ গলিতে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত ব্যক্তির নাম হাসান হাওলাদার (৩২)। তিনি সায়েদাবাদ এলাকায় গাড়ির ইঞ্জিন মেরামতের একটি ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কাজ করতেন। পরিবার নিয়ে থাকতেন যাত্রাবাড়ীর চন্দনকোডা এলাকায়। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলায়।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, হাসানের শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন দেখা গেছে। তাঁর দুই হাতের রগ কেটে দেওয়া হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আনাছ উদ্দিন প্রথম আলোকে বলেন, হাসানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সড়কে ফেলে রাখা হয়েছিল। স্থানীয় লোকজন তাঁকে সড়কে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত সোয়া দুইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হাসানের ভগ্নিপতি মো. মমিন জানান, তিনি (হাসান) গতকাল রাতে গ্রাম থেকে ঢাকায় আসেন। বাসায় ফেরার পথে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সড়কে ফেলে যায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা মুঠোফোন বা টাকা কিছুই নেয়নি।
পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা পুলিশের। এসআই আনাছ উদ্দিন বলেন, কে বা কারা কেন হাসানকে হত্যা করল, তা এখনো তাঁরা জানতে পারেননি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখবে।
ময়নাতদন্তের জন্য হাসানের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, হাসানের স্ত্রী ও এক ছেলে রয়েছে।