এক মাসে মাত্র ১ হাজার ২৯০টি জায়গায় মশার ওষুধ ছিটানো হয়েছে। গত জুন মাসের মশকনিধন কর্মীদের ওষুধ ছিটানোর এ তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার মশক সুপারভাইজার ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে ঢাকা উত্তর সিটির নগর ভবনে আয়োজিত এক জরুরি সভায় তিনি এ তথ্য উপস্থাপন করেন। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আয়োজিত জরুরি এ সভায় সংস্থাটির অন্য বিভাগের প্রধানেরাও উপস্থিত ছিলেন।
প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম বলেন, সব কটি ওয়ার্ড থেকে মশকনিধন কার্যক্রম সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে না। গত মাসে সুপারভাইজার লুৎফর রহমান ৪৯৬টি জায়গায়, লোকমান হোসেন ১৬২টি জায়গায়, রুবেল হোসেন ৯৪টি, রফিকুল হক ৮১টি এবং সোহেল রানা ৭৮টি জায়গায় মশার ওষুধ ছিটানোর কাজের তথ্য দিয়েছেন। সারা মাসে মাত্র একটি জায়গায় ওষুধ ছিটানোর তথ্য দিয়েছেন—এমন অনেক ওয়ার্ড রয়েছে।
এমন তথ্য জানার পর সভায় উপস্থিত মেয়র আতিকুল ইসলাম ক্ষুব্ধ হন। কোন কোন ওয়ার্ডের সুপারভাইজার শুধু একটি করে কাজের তথ্য দিয়েছেন, এমন কর্মীদের নাম ঘোষণা করতে প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেন তিনি। পরে এ রকম কয়েকজন কর্মীর নাম ঘোষণা করা হলেও কেউ দাঁড়াননি।
একপর্যায়ে আরও ক্ষুব্ধ হয়ে মেয়র নিজেই সভায় উপস্থিত মশক সুপারভাইজারদের একে একে দাঁড় করান এবং কতটি কাজের তথ্য দিয়েছেন, তা জানতে চান। এ সময় ৪০ নম্বর ওয়ার্ডের তপু রায় নামের সুপারভাইজারকে দাঁড় করান মেয়র এবং তথ্য দেওয়ার বিষয়ে জানতে চান। কিন্তু ওই সুপারভাইজার বিষয়টি জানতেন না বলে জানান।
পরে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সুপারভাইজার, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা এবং অন্য কর্মকর্তারা, এখান থেকে কেউ যাবেন না। এই কক্ষ থেকে সমস্যা সমাধান করে তারপরে বের হবেন। আমি তালা মেরে দেব। কী করতে হবে, সেটা সবাই বুঝবেন, তোতা পাখির মতন বলবেন, তারপরে যাবেন।’
সভায় মশকনিধন কর্মীরা ওষুধ ছিটানোর কাজ করতে গিয়ে কী সব সমস্যার মুখোমুখি হন, সেসব বিষয়ে মেয়র জানতে চেয়েছিলেন। কয়েকজন মশক সুপারভাইজার বলেন, তাঁরা যখন সকালে কাজ করতে যান, তখন অনেকেই ফটক খুলে দিয়ে তাঁদের কাজে সহায়তা করেন না। অনেকে বাধাও দেন।
এ বিষয়ে মেয়র বলেন, যারা সহযোগিতা করবে না, ওই বাসার হোল্ডিং নম্বর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে দিতে হবে। কাউন্সিলর সেখানে ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযান চালাবেন। মশার লার্ভা পাওয়া গেলে আর্থিক জরিমানা কিংবা নিয়মিত মামলা করা হবে।
সভায় মশা বিষয়ে ঢাকা উত্তর সিটির মেয়রের উপদেষ্টা কীটতত্ত্ববিদ কবিরুল বাশারও উপস্থিত ছিলেন। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, উত্তর সিটিতে এডিস মশার ঘনত্ব বেশি। এ ক্ষেত্রে আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে রোগীর সংখ্যা বাড়বে। তাই এ দুই মাসে অনেক পরিশ্রম করতে হবে। মশকনিধন কর্মীরা পরিশ্রম করলে অনেক মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে।
শেষে মেয়র বলেন, আগামী শনিবার থেকে পুরো জুলাই মাসে টানা এক মাস ঢাকা উত্তর সিটিতে এডিস মশা নিধনে ক্র্যাশ প্রোগ্রাম চালানো হবে। এ সময় ঢাকা উত্তর সিটির ১০টি অঞ্চলে ১০ জন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। যেখানেই এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেখানেই জরিমানা কিংবা মামলা করা হবে।
মেয়র আরও বলেন, ‘আগামী এক মাস আমার অফিস হবে গাড়িতে। নিয়মিত বিভিন্ন সভায় অংশ নেওয়ার পরেই আমি বিভিন্ন ওয়ার্ডে যাব। এ ছাড়া মশকনিধন কার্যক্রম তদারক করার জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বাইরেও আরও ১০ জন কর্মকর্তাকে ১০টি অঞ্চলে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরাও মাঠে গিয়ে ওষুধ ছিটানোর কাজের তদারক করবেন।’