হাইকোর্ট মাজার এলাকায় তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

রাজধানীর হাইকোর্ট মাজার এলাকার বটতলায় আজ বৃহস্পতিবার রাতে এক তরুণকে (২৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই তরুণের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাইকোর্ট মাজার–সংলগ্ন বটতলা থেকে একজন পথচারী রক্তাক্ত অবস্থায় ওই তরুণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই তরুণের পরনে সাদা রঙের ফুলহাতা গেঞ্জি ও কফি রঙের প্যান্ট রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, ওই তরুণের বুকের বাঁ পাশে ও পেটের ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন আছে। বিষয়টি শাহবাগ থানা-পুলিশ তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, কারা, কেন ওই তরুণকে খুন করেছে, তা জানা যায়নি। তরুণের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।