বনানীতে ট্রেনের ধাক্কায় একজন নিহত

প্রতীকী ছবি

রাজধানীর বনানীর সৈনিক ক্লাব রেললাইনে আজ বৃহস্পতিবার দুপুরে ট্রেনের ধাক্কায় আবদুল হান্নান শেখ নামের একজন গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন। পরে এক পথচারী রেললাইন থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবদুল হান্নান একজন সাইনবোর্ড ব্যবসায়ী ছিলেন। তাঁর বয়স ছিল ৫৩ বছর।

হাসপাতালে নিয়ে আসা পথচারী সানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, আজ বেলা পৌনে ২টার দিকে হান্নান শেখ রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের পাশে পড়ে ছিলেন। তাঁকে এ অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। বিকেল পৌনে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতালে ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।

খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন হান্নানের ছোট ভাই তরিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, হাসপাতাল থেকে তাঁর মুঠোফোন নম্বরে কল করে ভাইয়ের আহত হওয়ার খবর জানানো হয়। হাসপাতালে এসে তিনি ভাইকে মৃত অবস্থায় দেখতে পান।

হান্নান সপরিবার গুলশানের কালাচাঁদপুর এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি পাবনার আতাইকুলার পদ্মাবিলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক ফারুক বলেন, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।