গুলশানে তিন দিনব্যাপী ‘চাঁদরাত উৎসব’ শুরু
ঈদুল ফিতরের আনন্দকে আরও রাঙিয়ে তুলতে রাজধানী ঢাকায় শুরু হয়েছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত ২০২৬’। আজ বুধবার বিকেলে গুলশান লেক পার্কে এ উৎসব শুরু হয়। চাঁদ দেখা সাপেক্ষে তিন দিনব্যাপী এই উৎসব চলবে ২০ মার্চ ভোর ৪টা পর্যন্ত।
আজ রাত সাড়ে ৯টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে তা পিছিয়ে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে হবে। প্রতিদিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে সাহ্রি পর্যন্ত চলবে উৎসবটি।
রাজধানীর গুলশান এলাকার বাসিন্দাদের সংগঠন গুলশান সোসাইটি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) যৌথ উদ্যোগে এ উৎসব আয়োজিত হচ্ছে। তিন দিনব্যাপী বর্ণাঢ্য এই মেলার প্রধান পৃষ্ঠপোষক ব্যাংক এশিয়া।
গুলশান সোসাইটির পক্ষ থেকে বলা হয়েছে, এ আয়োজনের মূল লক্ষ্য আধুনিক নাগরিক জীবনের ব্যস্ততার মধ্যে পুরোনো দিনের সেই চাঁদরাতের স্মৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আমেজকে নতুন করে ফিরিয়ে আনা।
এই উৎসবে দর্শনার্থীদের জন্য থাকছে বৈচিত্র্যময় সব আয়োজন। ৩০টিরও বেশি নামী ব্র্যান্ড তাদের বিশেষ স্টল নিয়ে থাকছে এবারের উৎসবে। যেখানে প্রিমিয়াম লাইফস্টাইল পণ্য, হাতে তৈরি গয়না, ঘর সাজানোর শৌখিন সামগ্রী এবং দেশি-বিদেশি নানা শিল্পকর্ম রয়েছে। এ ছাড়া দর্শকদের জন্য থাকছে সুফি সংগীত, গজল এবং কাওয়ালি পরিবেশনা; আর ছোটদের জন্য থাকছে ঐতিহ্যবাহী পুতুলনাচ।