হাম ও হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১০২০
দেশে হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের উপসর্গ ছিল এবং অপরজনের হাম শনাক্ত হয়েছিল। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৫২ জনের মৃত্যু হলো। আর হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০১ জনের। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সর্বশেষ মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকার ও দুজন সিলেটের।
এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গত ১৮ সেপ্টেম্বর সকাল আটটা থেকে ১৯ সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত) সারা দেশে আরও ৯৪১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। এ সময় হাম শনাক্ত হয়েছে ৭৯ জনের। অর্থাৎ নতুন করে উপসর্গ ও শনাক্ত মিলিয়ে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে মোট হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন। একই সময়ে মোট হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৭৪ জনের।
হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত এই পরিসংখ্যানে বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরাই এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামে মৃত্যু বলে বিবেচনা করা হয়।