মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে ককটেলসহ ৫ জন গ্রেপ্তার: পুলিশ

গ্রেপ্তার পাঁচ ব্যক্তিছবি: ডিএমপি নিউজ থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুর ১২ নম্বর সেকশনের ই ব্লকের ৫ নম্বর রোডের শহীদ জিয়া কলেজের উত্তর পাশের রাস্তায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ছুরি, একটি রামদা ও চারটি ককটেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহেল হাওলাদার (২৯), মো. রাজা (৩২), শাহাদাৎ হোসেন (৩৬), আবদুল মান্নান (২৯) ও মো. সুজন (৩০)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে মিরপুর ১২ নম্বর সেকশনের ই ব্লকের ৫ নম্বর রোডের শহীদ জিয়া কলেজের উত্তর পাশে সাগর জেনারেল স্টোরের সামনের রাস্তায় ডাকাতি করার প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা তিন-চারজন দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতির উদ্দেশ্যে তাঁরা দেশীয় অস্ত্র, ককটেলসহ একত্র হয়েছিলেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।