খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমার ভাতিজিকে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী
প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমা বেগমের অসুস্থ ভাতিজিকে দেখতে শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, উপপরিচালক আশরাফুল আলমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফাতেমার ভাতিজি সীমা (৩২) বৃহস্পতিবার বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারে সন্তান প্রসব করেন। এর পর থেকে মা ও শিশুর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। শুক্রবার দুজনকে ঢাকায় এনে নবজাতককে আগারগাঁওয়ে শিশু ইনস্টিটিউট ও হাসপাতালে আর মাকে ঢামেক হাসপাতালের সার্জারি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করানো হয়।
হাসপাতাল সূত্র জানায়, স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। এ ছাড়া দলীয় এক রোগীসহ আরও এক রোগীকে দেখতে যান ও তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। এরপর হাসপাতালের কয়েকটি ইউনিট পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে বেরিয়ে যাওয়ার সময় সন্ধ্যায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘প্রত্যেক মেডিক্যালের পরিচালকদের আগে থেকেই বলা আছে, যেকোনো রোগী ক্রিটিক্যাল (সংকটাপন্ন) হলে আমাদের জানাতে। যেন ঢাকায় এনে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারি। সেটার অংশ হিসেবেইে এই রোগীকে এখানে আনা হয়েছে। একটা রোগীর জন্য কিছু করতে পারলেও মানুষ বলবে, “উই আর ডুয়িং সামথিং (আমরা কিছু করতে পেরেছি)”।’