আইজিপির সঙ্গে এফবিআই ও আইসিআরসি প্রতিনিধিদলের পৃথক সাক্ষাৎ
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) প্রতিনিধিদল। আজ সোমবার পুলিশ সদর দপ্তরে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাইলে পামারট্রির নেতৃত্বে এফবিআইয়ের দুই সদস্যের একটি প্রতিনিধিদল আইজিপির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার প্রতারণা, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপি এফবিআইয়ের সঙ্গে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও প্রতারণা প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
একই দিন আইসিআরসির হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদলও আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে আইসিআরসির প্রতিনিধিদলের প্রধান রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তিনি জন–আস্থা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মানবাধিকার ও প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণে আইসিআরসির সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোকপাত করেন।
আইজিপি বাংলাদেশ পুলিশের চলমান প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমে আইসিআরসির উদ্যোগের প্রশংসা করেন। তিনি জাতীয় দুর্যোগ মোকাবিলায় পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে আইসিআরসির সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
দুই বৈঠকেই বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।