ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৪১৩ জন

ডেঙ্গুফাইল ছবি: বাসস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয় ঢাকা মহানগরে, বাকি একজনের ঢাকা মহানগরের বাইরে। এ নিয়ে এডিস মশাবাহিত এই রোগে মারা গেলেন ১ হাজার ৬৬৫ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা) ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৩ জন। তাঁদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ১০৩ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ৩১০ জন ভর্তি হন।

চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৩ লাখ ১৭ হাজার ৬৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৯ হাজার ১০১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হন ২ লাখ ৮ হাজার ৫৪৪ জন।

উষ্ণ আবহাওয়ায় ডেঙ্গুর বিস্তার ঘটে বেশি। তবে শীত প্রায় চলে এলেও দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। গত বছরও শীতে ডেঙ্গুর সংক্রমণ থাকলেও রোগটির এত বিস্তৃতি দেখা যায়নি। চলতি নভেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গত বছরের এ সময়ের দ্বিগুণ।

গত শতাব্দীর ষাটের দশকে এ দেশে ডেঙ্গু শনাক্ত হয়। এরপর ২০০০ সালে প্রথম বড় আকারে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। ডেঙ্গু ছিল মূলত ঢাকা শহরকেন্দ্রিক। এরপর প্রতিবছর কমবেশি ডেঙ্গুর সংক্রমণ দেখা দিতে থাকে। তবে ডেঙ্গু বড় বড় শহরেই সীমাবদ্ধ ছিল। ২০১৯ সালে বড় বড় শহরের পাশাপাশি কয়েকটি গ্রামেও ডেঙ্গু শনাক্ত হয়।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন। এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যু অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।