‘সামাজিক বিপ্লবেই মানুষের মুক্তি’
ছুটির দিনের পড়ন্ত বেলায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন দেশে জনমুক্তির অভিসারী, বুদ্ধিবৃত্তিচর্চার অন্যতম প্রধান ব্যক্তিত্ব, বামপন্থী চিন্তাবিদ, লেখক ও শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তাঁর ৮৮তম জন্মদিন ছিল গতকাল শুক্রবার। শিশু একাডেমি মিলনায়তনে তাঁর অনুরাগী, ছাত্রসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে তাঁকে অভিনন্দিত করা হয়।
সাহিত্য-সংস্কৃতির ত্রৈমাসিক পত্রিকা নতুন দিগন্ত–এর পক্ষ থেকে সিরাজুল ইসলাম চৌধুরীর জন্মদিন উপলক্ষে তাঁর একক বক্তৃতা ও সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বক্তৃতার বিষয় ছিল ‘উনসত্তরের গণ-অভ্যুত্থান’। ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে উপমহাদেশের বিভক্তি এবং সেখান থেকে রাষ্ট্রভাষা আন্দোলন হয়ে উনসত্তরের গণ-অভ্যুত্থান এবং স্বাধীনতা পর্বের তুমুল-তুখোড় আন্দোলন, সংগ্রামমুখর ইতিহাসের ওপর আলো ফেলে ঘটনাপ্রবাহের ব্যাখ্যা উপস্থাপন করেন তিনি মার্কসবাদী দৃষ্টিকোণ থেকে। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ইতিহাসে দুবার এই উপমহাদেশে সামাজিক বিপ্লবের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রথমটি ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের সময়, দ্বিতীয়টি দেশভাগের পর পাকিস্তান রাষ্ট্রে ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের সময়। কিন্তু জাতীয়তাবাদী চেতনা প্রবল হয়ে ওঠায় সামাজিক বিপ্লব সম্ভব হতে পারেনি।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সিপাহি বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ মহারানির শাসন শুরু হয়। আর উনসত্তরের গণ-অভ্যুত্থান প্রথমে জনগণের থাকলেও পরে তা সামাজিক বিপ্লবের পথে না এগিয়ে স্বাধীনতার আন্দোলনে রূপ নেয়। পাকিস্তানের শাসকেরা নির্বাচনের প্রস্তাব নিয়ে এসে গণবিপ্লবের সম্ভাবনা প্রতিরোধ করেন। এরপর সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়।
সমাজতান্ত্রিক দলের বিভক্তি এবং পরিস্থিতির যথাযথ মূল্যায়ন করতে না পারার কারণে বিপ্লবী পরিস্থিতি থাকা সত্ত্বেও সামাজিক বিপ্লব হতে পারেনি বলে সিরাজুল ইসলাম চৌধুরী উল্লেখ করেন। তিনি বলেন, ‘মওলানা ভাসানী ছিলেন উনসত্তরের অভ্যুত্থানের উদ্গাতা এবং শেখ মুজিবুর রহমান এখানে থেকে বীর হিসেবে বেরিয়ে আসেন।’ আসাদের শহীদ হওয়ার ভেতর দিয়ে এই অভ্যুত্থান চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায়।
ইতিহাস বিশ্লেষণের পর উপসংহারে অধ্যাপক চৌধুরী বলেন, বুর্জোয়ারা রাষ্ট্রক্ষমতায় এল। বিপ্লবের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, তার মৃত্যু ঘটল। তিনি বলেন, এখন দেশের পরিস্থিতি খুবই সংকটময়। সমগ্র বিশ্বেই আঁধার ঘনিয়ে এসেছে। যুদ্ধ, মাদক, পর্নোগ্রাফি, বর্ণবাদ মানবতার চারপাশে অন্ধকারকে গাঢ় করে তুলেছে। পৃথিবীর সামনে কৃত্রিম বুদ্ধিমত্তা এসেছে। একে ঠেকানো যাবে না। তবে প্রশ্ন হচ্ছে, এটি ব্যক্তিমালিকানায় থাকবে, নাকি সামাজিক মালিকানায় থাকবে। মানবতার মুক্তির জন্য ব্যক্তিমালিকানা থেকে সামাজিক মালিকানার দিকে যেতে হবে। উনসত্তরের অভ্যুত্থান সামাজিক বিপ্লবের যে সম্ভাবনা নিয়ে এসেছিল, মানুষের মুক্তি সেই পথেই অনুসন্ধান করতে হবে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বক্তৃতার ইতি টানেন।
সাংস্কৃতিক সংগঠন বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এ এস এম কামালউদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানের শুরুতে শিশু একাডেমির শিশুরা ‘আজি ঝরঝর মুখর বাদর দিনে’ ও ‘প্রজাপতিটা’ গানের সঙ্গে দুটি সমবেত নৃত্য পরিবেশন করে। কবিতা পড়েন হাসান ফখরী ও মুজতবা আহমেদ মুর্শেদ। সংগীত পরিবেশন করেন বিবর্তনের শিল্পীরা। সঞ্চালনা করেন অধ্যাপক আজফার হোসেন।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর জন্ম ১৯৩৬ সালের ২৩ জুন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালি গ্রামে। ১৯৫৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতায় যোগ দেন। দুই মেয়াদে ছিলেন ইউজিসির অধ্যাপক ও তিনি ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক হিসেবে। ২১ বছর ধরে নতুন দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর গবেষণার বিষয় জাতীয়তাবাদ, বাংলা অঞ্চলের সাম্প্রতিক ইতিহাস এবং সাহিত্য–সংস্কৃতির পরিমণ্ডল। তাঁর বইয়ের সংখ্যা শতাধিক। তিনি বাংলা একাডেমি পুরস্কার, প্রথম আলোর বর্ষসেরা বই, লেখক সংঘ পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। শিক্ষায় অবদানের জন্য ১৯৯৬ সালে একুশে পদকে সম্মানিত হন। তিনি পরিবেশ রক্ষা ও সামাজিক অধিকার আন্দোলনেও সক্রিয়।
জন্মদিনে অনুরাগীরা তাঁর কর্মময় শতায়ু কামনা করেন।