নির্মাণাধীন ভবনের বাইরের অংশে কাজ করার সময় পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম আফজাল হোসেন (২২)। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির ভাই জুয়েল মিয়া প্রথম আলোকে বলেন, মোহাম্মদপুরের বছিলায় নির্মাণাধীন ১৫ তলা একটি ভবনে কাজ করতেন আফজাল হোসেন। আজ সকাল নয়টার দিকে ভবনের বাইরের অংশে কাজ করার সময় তিনি মাচা থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আফজাল কত তলা থেকে নিচে পড়ে যান, সেটি জানাতে পারেননি ভাই জুয়েল মিয়া। তিনি জানান, তাঁদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারা থানায়। আফজাল নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।