১৭ ঘণ্টায় ঢাকার পৃথক তিন স্থানে আগুন

রাজধানীর এলিফ্যান্ট রোডের শেল্‌টেক্‌ কম্পিউটার সিটি ভবনে অগ্নিনির্বাপণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
ছবি: শুভ্র কান্তি দাশ

রাজধানীর পৃথক তিন এলাকায় রোববার দিবাগত রাত তিনটা থেকে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত প্রায় ১৭ ঘণ্টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সর্বশেষ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাটা সিগন্যাল এলাকার শেলটেক কম্পিউটার সিটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ভবনের পঞ্চম তলার তিনটি দোকান পুড়ে গেছে। আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে নয়টার দিকে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে রোববার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে কাপ্তানবাজার–সংলগ্ন জয়কালী মন্দিরের পাশে সুইপার কলোনিতে আগুনের ঘটনা ঘটে। আগুনে আনুমানিক ২০টি টিনশেড ঘরে পুড়ে গেছে। আগুনে দগ্ধ চারজনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সুইপার কলোনিতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে হানিফ ফ্লাইওভার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, জমা গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে।

এ ছাড়া সোমবার সকাল পৌনে সাতটার দিকে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। এতে শতাধিক ঘর পুরে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, অল্প সময়ের ব্যবধানে রাজধানীতে তিনটি আগুনের ঘটনা ঘটেছে। এতে নগরবাসীর মধ্যে একধরনের আতঙ্ক তৈরি হয়েছে। সচেতনতার অভাব ও নানা ধরনের অবহেলার কারণে আগুনের ঘটনা বাড়ছে।

ফায়ার সার্ভিসের পরিসংখ্যান বলছে, ২০২২ সালে সারা দেশে ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৪২ কোটি টাকার বেশি সম্পদ পুড়েছে। এর আগের বছর ২১ হাজার ৬০১টি আগুনের ঘটনায় ২১৮ কোটি টাকার সম্পদ পুড়ে যায়।

বাটা সিগন্যালের আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেটর) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, নয়তলা ভবনের পঞ্চম তলায় আগুন লেগেছিল। আগুন অন্য কোনো তলায় ছড়াতে পারেনি। তার আগেই নিয়ন্ত্রণ করা গেছে। এতে তিনটি কম্পিউটার ও এর যন্ত্রাংশের দোকান পুড়ে গেছে।

এ ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, অন্য কারও দগ্ধ বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ভবন থেকে ছয়জনকে উদ্ধার করা হয়েছে।

ভবনে অগ্নিনিরাপত্তাব্যবস্থা ছিল কি না, জানতে চাইলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, সেখানে ফায়ার এক্সটিংগুইশার ছিল। সেগুলো ব্যবহার করা হয়েছে, তার প্রমাণ পেয়েছেন। তবে অন্যান্য ব্যবস্থা ছিল কি না, তা এই মুহূর্তে বলতে পারছেন না। ভবনের জরুরি নির্গমন পথ কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, জরুরি নির্গমন সিঁড়ি পর্যাপ্ত ছিল না বলে তাঁদের মনে হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর পাঁচতলা থেকে নিচের তলার লোকজন দ্রুত নেমে আসেন। আর ওপরের তলাগুলোর বাসিন্দারা ছাদে চলে যান। নয়তলা ভবনের পাঁচতলা পর্যন্ত ছিল ব্যবসাপ্রতিষ্ঠান। ওপরের বাকি তলাগুলো ছিল আবাসিক।

সিরাজুল ইসলাম নামের ভবনের নিচতলার একটি দোকানের কর্মী জানান, ইফতারের পরপর তাঁরা পোড়া গন্ধ পান। তখন চার-পাঁচজন মিলে নিচতলা থেকে আগুনের উৎস খুঁজতে খুঁজতে ওপরের দিকে ওঠেন। পাঁচতলায় গিয়ে দেখেন একটি দোকান দাউ দাউ করে জ্বলছে। তখন তাঁরা নিচে নেমে আসেন। একজন বৃদ্ধ লোককে পেয়ে নিরাপদে তাঁকে নামিয়ে আনেন।

ওই ভবনের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বলেছেন, পাঁচতলায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে আগুন লেগেছিল। পরে তা পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

পুড়ে গেছে সাততলা বস্তির শতাধিক ঘর

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার ভোরের দিকে মহাখালী সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বস্তিতে যখন আগুন লাগে, তখন অধিকাংশ বাসিন্দারা ঘুমাচ্ছিলেন। যে ঘরে আগুন ধরে, সে ঘরের বাসিন্দাদের চিৎকারে সবাই ঘুম থেকে জেগে ওঠেন আশপাশের বাসিন্দারা।

ফায়ার সার্ভিসের গুলশান জোন কমান্ডার আবদুল আলিম জানান, সাততলা বস্তিতে আগুন লাগার খবরে সদর দপ্তর, মহাখালী, বনানী থেকে ৯টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তাঁদের হিসাবে আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

গুলশান ২ নম্বর এলাকার ১৪ তলায় গত ১৯ ফেব্রুয়ারি রাতের অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়েছেন। আগুনের ভয় নিজেদের বাঁচাতে ১২ তলা থেকে লাফিয়ে পড়ে দুজন মারা যান।

এ ছাড়া ৬ মার্চ রাজধানীর সায়েন্স ল্যাবে একটি ভবনে ছয়জন এবং সিদ্দিকবাজারে একটি ভবন বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ও ধসে ২৬ জন নিহত হয়েছেন। এখনো চিকিৎসাধীন দুজন।