মানসিক স্বাস্থ্যের উন্নয়ন নিয়ে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, ‘আমাদের দেশে দেহের মৃত্যুর ঘটনা নিবন্ধিত করে রাখা হলেও আত্মার মৃত্যুর ক্ষেত্রে হয় না। অথচ একজন মানুষ তথা একটি জাতির সাফল্যে বড় ভূমিকা পালন করে এই ‘মানসিক প্রশান্তি’ (আত্মার প্রশান্তি)।
দেশের তরুণ প্রজন্মের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদ এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের তত্ত্বাবধানে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। সভায় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের করোনা-পরবর্তী মানসিক স্বাস্থ্যসহ নানা বিষয় উঠে আসে।
সভায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার চৌধুরী ও ইংরেজি মাধ্যমের শাখাপ্রধান শামসুন আরা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার শুরুতে শিক্ষার্থীরা আলোচনায় অংশ নিতে কিঞ্চিৎ ইতস্ততবোধ করলেও পরে তাঁরা যথেষ্ট সাবলীলভাবেই নিজেদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো তুলে ধরেন। সমস্যাগুলোর অধিকাংশ ছিল বিষণ্নতা, অতিরিক্ত চিন্তা বা অতীতের ভুল মনে করে অপরাধবোধে ভোগা, পারিবারিক ও সামাজিক বিষয়ে হতাশা ইত্যাদি।
শিক্ষার্থীদের করোনা-পরবর্তী সময়ে মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও এ বিষয়ে যত্নবান হওয়ার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে তাদের সমস্যার কথা শুনে সেসবের ছোট ছোট সমাধান দেওয়ার চেষ্টা করেন অতিথিরা। শিক্ষার্থীরা যেন তাদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দেয় ও মানসিকভাবে ভারমুক্ত থাকে, সে বিষয়ে তাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা ও শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়েও হয় আলোচনা।
অধ্যক্ষ কামরুন নাহার চৌধুরী বলেন, ‘আমরা চাই সব শিক্ষার্থী মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন হোক, জানার চেষ্টা করুক। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলতে হবে। অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে যেকোনো সমস্যা নিয়ে আলোচনা করতে হবে। শিক্ষাকে আনন্দময় করতে হবে। মন খারাপ করা যাবে না। মানসিকভাবে ভারমুক্ত থাকতে হবে। আমরা সব সময় তোমাদের পাশে আছি।’
মনোবিজ্ঞানী ফায়েজা আহমেদ বলেন, ‘যদি গাড়ির সামনের দুটি চাকা সামনের দিকে আর পেছনের দুটি চাকা পেছনের দিকে চলতে থাকে, তবে ওই গাড়ি কোনো দিন এগোবে না; বরং আরও বিড়ম্বনার সৃষ্টি হবে। তাই আমাদের উচিত, বর্তমান নিয়ে ভাবা ও বর্তমান নিয়েই এগিয়ে যাওয়া। কারণ, অতীত যেমন আমরা ফিরিয়ে আনতে পারব না; একইভাবে ভবিষ্যতের চিন্তা করে আমরা তা পাল্টাতে পারব না।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক খুরশীদা ইমাম, প্রকাশনা সম্পাদক সারাবন তহুরা, কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্তী রায়, শিক্ষা ও সংস্কৃতি উপপরিষদের সদস্য সংঘমিত্রা, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু নিউরোলজি বিভাগ এবং শিশু বিকাশ কেন্দ্রের সহকারী অধ্যাপক শায়লা ইমাম প্রমুখ।