কলোনি ছেড়ে দেওয়ার নির্দেশে উদ্বেগে ধলপুরের তেলেগুরা

উচ্ছেদের হুমকির অভিযোগ এনে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ধলপুরের তেলেগু কলোনির বাসিন্দারাছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরের তেলেগু কলোনির বাসিন্দাদের কাল শনিবারের মধ্যে ওই কলোনি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সেখানকার বাসিন্দারা অভিযোগ করেছেন। উদ্বিগ্ন তেলেগুরা আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন। তাঁরা বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তাঁদের কলোনি ছেড়ে দিতে বলেছে। তাঁরা এখন চরম উৎকণ্ঠার মধ্যে আছেন।

এদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঐক্য পরিষদের নেতারা আজ সকালে তেলেগুদের ওই কলোনি পরিদর্শন করেন। সেখানে তাঁরা বলেছেন, এই উচ্ছেদের নির্দেশ বেআইনি, অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারমূলক।

এর আগে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তেলেগু সম্প্রদায়ের প্রতিনিধিরা বলেন, তেলেগুভাষী মেথর সম্প্রদায়ের একটি অংশ দীর্ঘকাল ধরে ঢাকার যাত্রাবাড়ী থানার ধলপুরে বসবাস করে আসছে। গতকাল বৃহস্পতিবার তাঁদের মাতব্বরদের ডিএসসিসিতে ডেকে নিয়ে বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার মৌখিক নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশের আগের দিন বুধবার যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলোনির মাতব্বরদের থানায় ডেকে পাঠান এবং সিটি করপোরেশনের নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলতে বলেন। এর বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচি করা যাবে না।

তবে যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম প্রথম আলোর কাছে দাবি করেন, ‘তেলেগুদের কোনো হুমকি দেওয়া হয়নি। তাঁদের বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কাজ যেন তাঁরা না করেন।’

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত আজ তেলেগু কলোনিতে যান
ছবি: সংগৃহীত

মানববন্ধনে তেলেগু নেতারা বলেন, ব্রিটিশ সরকার ভারতের তেলেঙ্গানা রাজ্য থেকে তাদের পূর্বপুরুষদের এ অঞ্চলে নিয়ে এসেছিল ‘জাত মেথর’ হিসেবে কাজ করানোর জন্য। সারা দেশে ‘মেথরপট্টি’ গড়ে তুলে তাদের বাসস্থানের ব্যবস্থা করেছিল তৎকালীন সরকার। পরবর্তী সময়ে এ পেশাকে ‘পরিচ্ছন্নতাকর্মী’ হিসেবে আখ্যা দেওয়া হয়। এরপর তেলেগুদের এ পেশায় বাঙালিদের নিয়োগ দেওয়া শুরু হয়। কিন্তু তেলেগুদের অন্য কোনো পেশায় নিয়োগে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য কাজল দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি প্রভাষ কুমার রায়, নির্বাহী সম্পাদক পলাশ দে প্রমুখ তেলেগুদের এই মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধন শেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ধলপুরের তেলেগু কলোনিতে যান এবং সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তাঁরা কলোনির বাসিন্দাদের উদ্দেশে বলেন, পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া বিনা নোটিশে এদের উৎখাতের যেকোনো অপপ্রয়াস বেআইনি, অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারমূলক।