আদাবরে ব্রডব্যান্ড ইন্টারনেট–সেবা বন্ধ, সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে কেব্‌ল কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেট
প্রতীকী ছবি

রাজধানীর আদাবর এলাকায় গতকাল মঙ্গলবার থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট–সেবা ব্যাহত হচ্ছে। স্থানীয় সাবেক এক যুবলীগ নেতা ইন্টারনেট ব্যবসা নিজের দখলে নিতে ইন্টারনেটের তার কেটে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) আদাবরে ব্রডব্যান্ড ইন্টারনেট পুনঃ সংযোগ বন্ধ রেখেছে।

গতকাল মঙ্গলবার আইএসপিএবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘কেব্‌ল টিভি ব্যবসায়ী আরিফুর রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের আদাবরের বাইতুল আমান হাউজিং, মনসুরাবাদ হাউজিং, সুনিবিড় হাউজিং এলাকার সব ধরনের ইন্টারনেট–সংযোগ এককভাবে দখলের জন্য গত ৩১ জুলাই এবং গতকাল ১০ অক্টোবর সব আইএসপি প্রতিষ্ঠানের ইন্টারনেট কেব্‌ল কেটে দেয়। আইএসপি প্রতিষ্ঠানগুলো ওই এলাকায় ইন্টারনেট–সংযোগ পুনরায় চালু করতে গেলে তাদের ভয়ভীতি দেখিয়ে বিতাড়িত করা হয়।’

এই সমস্যা সমাধানের জন্য আইএসপিএবির সভাপতি মো. ইমদাদুল হকের সভাপতিত্বে এলাকার সব ব্যবসায়ীকে নিয়ে একটি বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়, আদাবর এলাকার বাইতুল আমান হাউজিং, মনসুরাবাদ হাউজিং, সুনিবিড় হাউজিং এলাকায় আরিফুর রহমানের ইন্টারনেট–সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সব ধরনের ইন্টারনেট পুনঃ সংযোগ বন্ধ থাকবে।

অভিযোগের বিষয়ে আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি কোনো কিছু করেননি। তিনি ইন্টারনেট ব্যবসার সঙ্গে যুক্ত নন। তাঁর কেব্‌বল টিভির ব্যবসা রয়েছে। সেই তারও কাটা পড়েছে।

সিটি করপোরেশন ও বিদ্যুৎ বিভাগের কাজের সময়ে এসব কেব্‌ল কাটা পড়েছে বলে দাবি করেছেন তিনি। রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে জানান, তিনি আদাবর থানা যুবলীগের সাবেক আহ্বায়ক এবং মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

আইএসপিএবির সভাপতি মো. ইমদাদুল হক প্রথম আলোকে বলেন, কেব্‌ল কেটে দেওয়ায় আদাবর এলাকার প্রায় ১৫ হাজার গ্রাহক ইন্টারনেট–সেবা পাচ্ছে না। সেখানে ৪০ থেকে ৫০ জন আইএসপি ব্যবসায়ী আছেন। তাঁরা উদ্ভূত সমস্যা নিয়ে স্থানীয় কাউন্সিলর আবুল কাসেমের কাছে গেছেন। তাঁরা বিষয়টির স্থায়ী সুরাহা চান।

ঢাকা উত্তর সিটির ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কাসেমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।