ডেমরায় রাতে মোটরসাইকেলে বেড়াতে গিয়ে প্রাণ গেল এক যুবকের

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় প্রাইভেট কারের চাপায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাজিবুল ইসলাম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন তিনি।

রাজিবুল পেশায় দরজি। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার কাছে ডেমরার আমুলিয়া মডেল টাউন-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শায়ক খসরু বলেন, মোটরসাইকেলের পেছনে থাকা রাজিবুলের বন্ধু ইমন সামান্য আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় রাজিবুলকে উদ্ধার করে রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজিবুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার খবরে হাসপাতালে যান রাজিবুলের স্ত্রী তুতিয়া বেগম। তিনি বিলাপ করে প্রথম আলোকে বলেন, রাজিবুলের সঙ্গে তাঁর বন্ধু ইমনের মোটরসাইকেলে করে ঘুরতে বাইরে বেরিয়েছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে তিনি এখন দিশাহারা।

রাজিবুল সপরিবার রাজধানীর মুগদা এলাকায় থাকতেন। তাঁর বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার বোবাংবাইল গ্রামে।