মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিশেষ পরিচ্ছন্ন সপ্তাহ শুরু
রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৩ এলাকায় বিশেষ পরিচ্ছন্ন সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান এ কর্মসূচির উদ্বোধন করেন।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, গত জুলাইয়ে ঢাকা উত্তর সিটি এলাকার বিভিন্ন অংশীজনকে নিয়ে ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার, আপনার, সকলের দায়িত্ব’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বাসিন্দাদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং পরিচ্ছন্নতার কাজে সবাইকে সম্পৃক্ত করার বিষয়ে সচেতনতা তৈরি করাই ছিল ওই সেমিনারের মূল উদ্দেশ্য।
সেমিনারের পরবর্তী পদক্ষেপ হিসেবে ডিএনসিসির ১০টি অঞ্চলে ধারাবাহিকভাবে পরিচ্ছন্ন সপ্তাহ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। ৮ আগস্ট অঞ্চল-১-এ এ কর্মসূচি শুরু হয়। ধারাবাহিক এ কর্মসূচির অংশ হিসেবে আজ অঞ্চল-৩-এ বিশেষ পরিচ্ছন্ন সপ্তাহের উদ্বোধন করা হলো।
অঞ্চল-৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন তাঁদের নিয়মিত সূচি অনুযায়ী বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। তবে ঢাকা উত্তর সিটি একটি বিশাল ভৌগোলিক এলাকা। জনবহুল এ শহরকে পরিচ্ছন্ন রাখা একা সিটি করপোরেশনের পক্ষে সম্ভব নয়। তাই নাগরিকদের পক্ষ থেকেও শহরকে পরিচ্ছন্ন রাখতে করপোরেশনকে সহযোগিতা করতে হবে।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, চলার পথে টিস্যু বা অন্যান্য আবর্জনা যেখানে-সেখানে ফেলার মানসিকতা পরিহার করতে হবে। প্রত্যেকে নিজ নিজ বাসাবাড়ি ও সামনের আঙিনা পরিচ্ছন্ন রাখলে শহরকে পরিচ্ছন্ন রাখার যে লক্ষ্য, তা বাস্তবায়ন করা সম্ভব হবে।
ঢাকা উত্তর সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, যে অঞ্চলে পরিচ্ছন্ন সপ্তাহ পালন করা হচ্ছে, ওই সময় সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন সোসাইটি, কল্যাণ সমিতি, বাড়িমালিক সমিতি, শিক্ষাপ্রতিষ্ঠান, মার্কেট কমিটি এবং এলাকার মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের এ কর্মসূচিতে সম্পৃক্ত করা হচ্ছে। উদ্দেশ্য হলো, প্রত্যেকে নিজেদের আওতাভুক্ত এলাকায় অন্যদের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করে তুলবেন।
কমোডর হুমায়ুন কবির আরও বলেন, আজকের কর্মসূচিতে মহাখালী আন্তজেলা বাস টার্মিনালের পরিবহননেতাদেরও সম্পৃক্ত করা হয়েছে। তাঁদের মাধ্যমে টার্মিনাল ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে অন্যদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অঞ্চল-৩-এ পরিচ্ছন্ন কর্মসূচি উদ্বোধনের শুরুতে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আবদুর রহমান সানী, ঢাকা উত্তর সিটির সচিব মো. আসাদুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।