‘ওমেন অব দ্য ওয়ার্ল্ড’ উৎসব হবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াও ফেস্টিভ্যাল উপলক্ষে রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলের মাঠে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়
ছবি: মানসুরা হোসাইন

প্রতিবন্ধকতা পার হয়ে নারীরা এগিয়ে যেতে পারলে দেশ এগোবে। আর এই এগিয়ে চলার পথে নারী ও পুরুষকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু নারী-পুরুষের মধ্যে সমানাধিকার প্রতিষ্ঠা করলে চলবে না, হিজড়া, ট্রান্সজেন্ডারসহ ভিন্ন লিঙ্গের মানুষের মধ্যেও সমতা তৈরি করতে হবে। এই ধরনের বৈষম্যহীন সমাজ গড়ে তোলার উদ্দেশ্যকে সামনে রেখে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘ওমেন অব দ্য ওয়ার্ল্ড’ ফেস্টিভ্যাল বা সংক্ষেপে ওয়াও ফেস্টিভ্যাল নামে পরিচিত।

আজ সোমবার রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলের মাঠে এক সংবাদ সম্মেলনে এ উৎসবের বিভিন্ন তথ্য জানানো হয়। ইউকে চ্যারিটি-ওয়াও ফাউন্ডেশনের সঙ্গে বাংলাদেশে এবার উৎসবটির আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল, মঙ্গলদীপ ফাউন্ডেশন ও সিসিডি বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ‘ওমেন অব দ্য ওয়ার্ল্ড’ উৎসবের প্রতিষ্ঠাতা জুড কেলি। ২০১০ সালে এই ফাউন্ডেশন যাত্রা শুরু করে। এ ফাউন্ডেশন নারীদের সংগ্রাম এবং সাফল্যের গল্প তুলে ধরে লিঙ্গবৈষম্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করে। এটি একটি বৈশ্বিক উৎসব। বিশ্বব্যাপী নারীদের এগিয়ে চলার পথে সমাজে যেসব বাধা বা সমস্যা সৃষ্টি হয়, তা সমাধানে বিশেষ নজর দেওয়া হয়। ২০১৭ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। ২০১৯ সাল থেকে ঢাকায় জাতীয় উৎসব অনুষ্ঠিত হচ্ছে। করোনা মহামারির সময়েও দেশের অন্যান্য অঞ্চলের নারী প্রতিনিধিদের নিয়ে ভার্চ্যুয়াল উৎসবের আয়োজন করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এবারের উৎসবে লিঙ্গ সমতার বিষয়ে শিশুদের নিয়ে অনুষ্ঠান থাকবে। নারীর ক্ষমতায়নের উদ্ভাবনী পন্থা খুঁজে বের করা, বিভিন্ন সম্প্রদায়কে নারী অধিকার সম্পর্কে বোঝাতে অংশগ্রহণমূলক কর্মশালা পরিচালনা করা, বিশেষজ্ঞ ব্যক্তিদের ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পর্কে জানার ও পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন উৎসবে অংশগ্রহণকারীরা। উৎসবে উদ্যোক্তারা পণ্য প্রদর্শনীর সুযোগ পাবেন। উৎসবটিতে সংগীত পরিবেশনা, চলচ্চিত্র প্রদর্শন, পারফরম্যান্স আর্ট, কনসার্টসহ অন্য আয়োজনও থাকবে। আয়োজকেরা বলছেন, এই উৎসবের মধ্য দিয়ে সমাজে বিদ্বেষ ও বৈষম্যময় পরিস্থিতিগুলো মোকাবিলা করতে মানুষকে একত্রিত করা যাবে।

সংবাদ সম্মেলনে ব্রিটিশ কাউন্সিলের কালচারাল এনগেজমেন্ট প্রোগ্রাম ম্যানেজার ইফরা ইকবাল বলেন, ‘ওমেন অব দ্য ওয়ার্ল্ড’ একটি প্ল্যাটফর্ম বা সমতাপূর্ণ সমাজ গঠনের আন্দোলন। এ উৎসব কেন হচ্ছে তার উত্তরে বলা যায়—জেন্ডার সমতার বিষয়টি প্রতিষ্ঠা হোক, তা সবাই চাইলেও পৃথিবীর বিভিন্ন দেশেই তা প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। ব্রিটিশ কাউন্সিলের অগ্রাধিকারের তালিকায় নারীর ক্ষমতায়নসহ অন্য বিষয় থাকায় এ উৎসব আয়োজনে অংশ নিচ্ছে।

মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অভিনেত্রী সারা যাকের ওয়াও ফেস্টিভ্যালকে নারীদের মেলা বলে উল্লেখ করেন। তবে এ মেলায় পুরুষদের অংশগ্রহণ কেন জরুরি, সেটিও তাঁর বক্তব্যে তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন প্রতিবন্ধকতা থাকলেও বাংলাদেশের নারীরা ভারত বা পাকিস্তানের নারীদের তুলনায় অনেক এগিয়েছে। তারপরও নারীর আয়ের ওপর নিয়ন্ত্রণ না থাকা, কম মজুরি পাওয়াসহ অনেক প্রতিবন্ধকতা আছে। নারীদের মেলায় শুধু নারীর অর্জনকে উদ্‌যাপন করা হয় না, এই অন্তরায়গুলোর কথাও আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

চিরকুট ব্যান্ডের সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি জানালেন, সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রায় শূন্য হাতে গড়ে তোলা চিরকুট ব্যান্ড দলের গল্প নিয়ে তিনি হাজির থাকবেন উৎসবটিতে। তিনি বলেন, দক্ষতা, যোগ্যতা থাকার পরও অনেক নারী সামনে এগিয়ে যাওয়ার সাহস পান না। এই নারীদের সাহস দিয়ে বলতে হবে—এগিয়ে যাও, তোমার পাশে আমরা আছি। নারীর চলার পথে কোনো বাধা যাতে না আসে, তা নিশ্চিত করতে হবে। এখন পর্যন্ত সমাজে নারীরা একটি পর্যায় পর্যন্ত যাবে, তা মেনে নেওয়া হলেও নারী যখন অনন্য ভূমিকায় যেতে চায়, তখনই চারপাশ থেকে বাধা আসতে থাকে।

সংবাদ সম্মেলনে সিসিডি বাংলাদেশের যুগ্ম পরিচালক শাহানা পারভীন বলেন, আগের উৎসবগুলো থেকে যুবদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে, মাসিক নিয়ে ট্যাবু বা নারীদের বিভিন্ন নির্যাতনের বিষয়গুলো সামনে এসেছে—এ ধরনের সমস্যা সমাধানে কথা বলার সুযোগ পাবেন উৎসবে অংশগ্রহণকারীরা।

ক্রিয়েটিভ পাথওয়েজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাকিয়া হক বলেন, উৎসবে ৩০টি স্টল থাকবে, যাতে উদ্যোক্তারা তাঁদের উদ্ভাবিত পণ্যগুলো তুলে ধরার সুযোগ পাবেন।