ভার্চ্যুয়াল স্থাপনাশিল্পে ভবিষ্যতের পাঠাগার, প্রদর্শনী শেষ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভার্চ্যুয়াল রিয়েলিটিতে স্থাপনাশিল্প ও ভবিষ্যৎ পাঠাগার ঘুরে দেখছেন দর্শনার্থীরা। গতকাল রাজধানীর পান্থপথে দৃকপাঠ ভবনে
ছবি: প্রথম আলো

অসীম এক পাঠাগারের ধারণা নিয়ে দিল্লি থেকে ঢাকায় এসেছে স্থাপনাশিল্প প্রদর্শনী ‘দ্য ইনফিনিট লাইব্রেরি’। পাঠের অভিজ্ঞতা ও প্রযুক্তির বিবর্তন কীভাবে পাঠাগারকে বদলে দেবে, এ–ই হচ্ছে প্রদর্শনীর মূল কথা। স্পর্শযোগ্য বইয়ের জায়গা কীভাবে দখল করে নিচ্ছে প্রযুক্তি আর সেটাকে কীভাবে কাজে লাগানো যাবে জ্ঞান-বিজ্ঞানের ইতিবাচক চর্চায়, বাস্তবে সেটাই দেখিয়েছে এ প্রদর্শনী।

ইনফিনিট লাইব্রেরির কোনো ভবন নেই, নেই কোনো বই। এটি একটি ভার্চ্যুয়াল গুহা। এর ভেতরে ছোট ছোট কক্ষে ঢুকে একেকটি পাথর স্পর্শ করে পৌঁছে যাওয়া যায় যেকোনো জায়গায়। প্রায়বাস্তব অভিজ্ঞতা নেওয়া যায় যেকোনো স্থান-কাল-পাত্রের, যা অনেকটা বই পড়ে জ্ঞান আহরণের একধাপ অগ্রসরের পদ্ধতি। এখানে ধারাবাহিকভাবে কয়েকটি খেলার মাধ্যমে ভবিষ্যতের সেই লাইব্রেরিকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। যেমন প্রদর্শনীতে রাখা বিভিন্ন বস্তু সম্পর্কে জানতে স্ক্যান করতে হবে কিউআর কোড, রয়েছে অডিও-ভিজ্যুয়াল কাজ। প্রদর্শনীর মূল অংশে দর্শনার্থীকে ভার্চ্যুয়ালি নিয়ে যাওয়া হয় একটি গুহার ভেতর। সেখানকার কক্ষগুলোতেও আছে নানা রকম খেলা, যা নেওয়া হয়েছে পৃথিবীর বিভিন্ন সভ্যতা থেকে। যেমন দক্ষিণ ভারতীয় পুতুলনাচ, ইউরোপীয় রসায়নচর্চা এবং পলিনেশিয়ান নাবিকবিদ্যা।

ভার্চ্যুয়াল রিয়েলিটি বা ভিআর হেডসেট পরা এক তরুণকে দেখা গেল প্রদর্শনীতে। অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, ভিআর যেন একেবারে বাস্তব একটা জীবন। সত্যিকারের সমুদ্রভ্রমণের অনুভূতি হয়েছে।

এ প্রকল্পের শিল্পনির্দেশক মাল্টিমিডিয়া শিল্পী মিকা জনসন জানান, দ্য ইনফিনিট লাইব্রেরি হচ্ছে একটি বহুমাত্রিক সংবেদনশীল ভার্চ্যুয়াল রিয়েলিটি, যা লাইব্রেরির ভবিষ্যৎকে নতুন করে ভাবতে প্রেরণা জোগাবে। এই লাইব্রেরি অতীত, বর্তমান ও ভবিষ্যৎজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক পটভূমিকে কল্পনা করে গল্প বলবে এবং গ্রন্থাগারের ধারণাকে ভার্চ্যুয়াল রিয়েলিটি মাধ্যমে জ্ঞানকে পৌঁছে দেবে প্রায়বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে।

দ্য ইনফিনিট লাইব্রেরি প্রযোজনা করেছে ভারতের রাজধানী নয়াদিল্লির ম্যাক্স মুলার ভবনের গ্যেটে ইনস্টিটিউট। ইতিমধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে এ স্থাপনাশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দ্য টেক একাডেমির সহযোগিতায় ভার্চ্যুয়াল স্থাপনাশিল্প প্রদর্শনী ‘দ্য ইনফিনিট লাইব্রেরি’ আয়োজন করেছে গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ। গত শনিবার রাজধানীর শুক্রাবাদের দৃক গ্যালারিতে শুরু হওয়া এ প্রদর্শনী শেষ হচ্ছে আজ বুধবার। আজও বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত ঘুরে আসা যাবে এ প্রদর্শনী।