ঢাকা মেডিকেল কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজের আবাসিক নারী হোস্টেলে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি ডা. আলিম চৌধুরী হলের তৃতীয় তলায় একটি কক্ষে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া আজ বুধবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই ছাত্রীর নাম জয়া কণ্ডু (২৪)। তাঁর বাড়ি খুলনার ফুলবাড়ী গেট–সংলগ্ন কুয়েট রোডে। বাবার নাম গিরীন্দ্রনাথ।
পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, আজ সকাল ৯টা থেকে ১০টার মধ্যে কোনো এক সময়ে ডা. আলিম চৌধুরী হলের তৃতীয় তলায় ৮৫ নম্বর কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না লাগিয়ে ফাঁস দেন জয়া।
তাঁর সহপাঠীরা টের পেয়ে দরজা ভেঙে তাঁকে দ্রুত সিলিং ফ্যান থেকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা পৌনে ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া আরও বলেন, জয়া কণ্ডুর সঙ্গে ওই কক্ষে আরও তিন শিক্ষার্থী থাকতেন। তবে ঘটনার সময় তাঁরা সেখানে কেউ ছিলেন না।