চাঁদাবাজদের গ্রেপ্তারে রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার উপস্থিত ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে নির্দেশনা দেন। ডিএমপি সদর দপ্তর, ৭ মেছবি: ডিএমপির সৌজন্যে

চাঁদাবাজদের গ্রেপ্তারে রাজনৈতিক পরিচয় না দেখার নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, চাঁদাবাজদের তালিকা তৈরি করা হয়েছে গ্রেপ্তারের জন্য। এ ক্ষেত্রে তাঁর রাজনৈতিক পরিচয় কী, সেটা বিবেচ্য বিষয় নয়।

ডিএমপি সদর দপ্তরে আজ বৃহস্পতিবার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ কথাগুলো বলেন। আজ এপ্রিল মাসের মাসিক অপরাধ সভা ছিল।

সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, চাঁদাবাদদের তালিকায় থাকা ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় রয়েছে। ক্ষমতাসীন দলের নেতা–কর্মীরা রয়েছেন। চাঁদাবাজির সঙ্গে জড়িত রাজনৈতিক দলের নেতা–কর্মীদের গ্রেপ্তার করবেন কি না, সেটা জানতে চান ওসিরা। তখন ডিএমপি কমিশনার বলেন, তালিকা তৈরি করা হয়েছে গ্রেপ্তার করতে। সরকারও চাঁদাবাজদের গ্রেপ্তারের পক্ষে।

শুধু খুচরা মাদক কারবারি বা বাহক নন, যাঁরা বড় বড় মাদক ব্যবসায়ী, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কথা বলা হয় সভায়। কর্মকর্তারা বলেন, মাদক বিক্রির টাকায় যাঁরা অর্থসম্পদ করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটের নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে।

সভায় কমিশনার মো. সরওয়ার বলেন, পশুর হাটগুলোর আশপাশে যানজট যাতে সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রেখে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। লঞ্চঘাট, বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনগুলোয় আরও তৎপরতা বাড়াতে হবে। ফুট প্যাট্রোল জোরদার করতে হবে। কোনো অপরাধ যেন থানা এলাকায় সংঘটিত হতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন কমিশনার।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ঢাকা মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। এই স্থিতিশীলতা ধরে রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। চলমান বিশেষ অভিযানে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে হবে।

মাসিক অপরাধ সভায় এপ্রিল মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। এপ্রিল মাসে ডিএমপির শ্রেষ্ঠ ওসি হয়েছেন ডিএমপির উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর।

অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনসহ যুগ্ম পুলিশ কমিশনারেরা, উপপুলিশ কমিশনারেরা, অতিরিক্ত উপপুলিশ কমিশনাররা, সহকারী পুলিশ কমিশনাররা, ডিএমপির সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।