মিরপুরে আবাসিক ভবনের নিচে ঝুটের গুদামে লাগা আগুনে অসুস্থ ৫
রাজধানীর মিরপুর ১০ নম্বরে প্যারিস রোডে সাততলা একটি ভবনের নিচতলায় গতকাল বৃহস্পতিবার রাতে পোশাক কারখানার ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ভবনের পাঁচজন বাসিন্দার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাঁদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন, ময়না আক্তার (৩৬), নাদিরা (৩০), ফাতেমা (৯), মঈন (১৫) ও ফাতেমা বেগম (৩০)।
বার্ন ইনস্টিটিউটে ময়না আক্তারের বোন লাকি আক্তার প্রথম আলোকে জানান, তাঁরা ভবনটির চতুর্থ তলায় ভাড়া থাকেন। ভবনের নিচতলায় বাড়ির মালিকের ঝুটের গুদাম রয়েছে। গতকাল রাত নয়টার দিকে সেখানে হঠাৎ আগুন লাগে। এ সময় ভবনের ওপরের দিকে ধোঁয়া ছড়িয়ে পড়লে ওপরতলার বাসিন্দারা আতঙ্কিত হয়ে সিঁড়ি বেয়ে ছাদে ওঠার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁর বড় বোন ময়না আক্তার ও ভাবি নাদিরা এবং দ্বিতীয় তলার তিনজন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন।
লাকি আক্তার আরও জানান, ভবনের বাসিন্দারা পানি ছিটিয়ে নিচতলার ঝুটের গুদামের আগুন নিভিয়ে ফেলেন। পরে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার প্রথম আলোকে বলেন, পাঁচজনের প্রত্যেকেরই ইনহেলেশন ইনজুরি (ধোঁয়া শ্বাসের সঙ্গে নেওয়ার কারণে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত) হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি রেখে শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মো. শাহজাহান হোসেন আজ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, মিরপুর ১০ নম্বরে ঝুটের গুদামে আগুন লাগার বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য আসেনি।