জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ–ফ্লাই পাস্ট দেখতে এসেছেন হাজারো দর্শনার্থী

জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট দেখতে আসা দর্শনার্থীরাছবি: প্রথম আলো

রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট দেখতে এসেছেন হাজারো দর্শনার্থী। আজ বৃহস্পতিবার সকালে এমন দৃশ্য দেখা যায়।

দেখা যায়, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী হাজারো দর্শনার্থী জাতীয় প্যারেড স্কয়ারে এসেছেন। দর্শনার্থীদের বসার জন্য প্লাস্টিকের চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের অনেকের হাতে ও মাথায় জাতীয় পতাকা।

রাজধানীর মিরপুরের কাজীপাড়া থেকে স্ত্রী, সন্তান ও বোনকে নিয়ে জাতীয় প্যারেড স্কয়ারে এসেছেন মঈন হাসান। তিনি প্রথম আলোকে বলেন, স্বাধীন দিবসে যেসব আয়োজন জাতীয়ভাবে হয়, তার মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট। এই আয়োজন আগে দেখার জন্য আসার সুযোগ হয়নি নানা কারণে। এবার সুযোগ হয়েছে, তাই এলেন।

মঈন হাসান বলেন, ‘মনে হয়েছে, আমার পরিবারেরও এই আয়োজন দেখা উচিত। তাই পরিবারের সবাইকে নিয়ে আসলাম।’

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হওয়ার কথা। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। প্রবেশের জন্য গেট নম্বর ২, ৩, ৪, ১০ ও ১১ নির্ধারণ করা হয়েছে। দর্শনার্থীদের ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।